‘এখনও অনেক কিছু পাওয়ার আছে’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে? পরিষ্কার উত্তর মেলা কঠিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তিনটি ম্যাচ হেরে মাহমুদউল্লাহ রিয়াদরা এখন উল্টো পথের পথিক। প্রসঙ্গ না উঠলে দেশ থেকে বলে যাওয়া সেমি-ফাইনাল স্বপ্নের কথা ভুলেও মুখে আনছেন না দলের কোনো ক্রিকেটার। এমন প্রশ্নে সবারই এখন এড়িয়ে যাওয়ার প্রবণতা।
শ্রীলঙ্কার বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে সুপার টুয়েলভ পর্ব শুরু হয় বাংলাদেশের। এরপর ইংল্যান্ডের বিপক্ষে 'নখদন্তহীন' পারফরম্যান্সে বিশাল হার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল টুর্নামেন্টে টিকে থাকার শেষ সম্বল। এই ম্যাচে তীরে গিয়ে তরী ডুবেছে বাংলাদেশের। ৩ রানের হারে সেমি-ফাইনাল স্বপ্ন এখন ধূসর।
বাকি দুই ম্যাচে জয় পেলে যে শেষ চারের মিলবে, সেটার নিশ্চয়তা নেই। জিতলেও সামান্য সম্ভাবনা বেঁচে থাকবে, যেখানে মেলাতে হতে পারে অনেক জটিল সমীকরণ। এই সময়ে দাঁড়িয়েও বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন, এখনও অনেক কিছু পাওয়ার আছে বাংলাদেশের। তবে সেই 'অনেক পাওয়া' কী, সেটা পরিষ্কার করেননি তিনি।
শুক্রবার ক্যারিবীয়দের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, 'এখনও অনেক কিছুই পাওয়ার আছে। যদিও সেমি-ফাইনালের আশাটা ক্ষীণ হয়ে গেছে, কিন্তু বাকি থাকা দুটি ম্যাচ যদি জিততে পারি, দলের জন্য ভালো কিছু একটা হবে। আমরা চেষ্টা করছি সবাই, মরিয়া হয়েই চেষ্টা করছি। মাঠে শতভাগ দেয়ার চেষ্টা করছি, তবে ভুল হচ্ছে। এরপরও দুটি ম্যাচ জেতার চেষ্টা করব।'
মিস ফিল্ডিংয়ে কিছু রান বেশি হওয়ায় ফল বিপক্ষে গেছে বলে মনে করেন মাহমুদউল্লাহ। তার ভাষায়, 'আমার মনে হয় যে, দুই-একটা সুযোগ এসেছিল; সেগুলো যদি নিতে পারতাম তাহলে অন্তত দশটা রান কম হতো। তাহলে আমাদের জন্য চেজ করাটা সহজ হতো। চেষ্টা করেছি, টি-টোয়েন্টি খেলা এ রকমই ক্লোজ মার্জিনে অনেক সময় হয়। কিন্তু আজকে আমরা জিততে পারিনি আর কি!
টানা তিন হারে ১ নম্বর গ্রুপে পয়েন্ট টেবিলের তলানির দল এখন বাংলাদেশ। শেষ দুই ম্যাচে আগামী ২ নভেম্বর আবু ধাবিতে দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন মাহমুদউল্লাহ-সাকিবরা। দুটি করে জয়ে ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে এক ও দুই নম্বরে আছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। সমান দুই পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা তিন এবং শ্রীলঙ্কার চারে। পাঁচ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।
