‘অবসর নিয়ে চিন্তা করছি না, অধিনায়কত্ব বিসিবির সিদ্ধান্ত’
চরম হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হয়েছে বাংলাদেশের। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল, শেষ হলো সুপার লিগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল হারে। মাঝে কেবল দুটি জয়, সুপার লিগের টানা পাঁচ ম্যাচেই হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
এমন ব্যর্থতার বিশ্বকাপের পর দলের সবাইকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তবে অধিনায়ক হওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশ্নবানে ভেসে যেতে হচ্ছে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তার টি-টোয়েন্টি অবসর এবং অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠে গেল।
এমন দুটি কঠিন প্রশ্নের উত্তরে মাহমুদউল্লাহ জানালেন, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এখনই অবসরে যাওয়ার পরিকল্পনা নেই তার। আর অধিনায়ক থাকবেন কিনা, সেই সিদ্ধান্ত বিসিবির ওপর ছাড়ছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, 'অধিনায়কত্বের বিষয়টা আমার হাতে নেই। এটা বোর্ডের সিদ্ধান্ত। আমার তরফ থেকে আমি সব সময় চেষ্টা করেছি দলটাকে আগলে রাখার। পারফরম্যান্স আদায় করার জন্য। সম্ভবত আমার অধিনায়কত্বে ঘাটতি ছিল। পারফরম্যান্স আদায় করতে পারিনি। অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত আসলে বোর্ড দেবে। এটা আমার হাতে নেই।'
দীর্ঘদিন টেস্ট দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ। ১৬ মাস পর টেস্ট দলে ফিরে জিম্বাবুয়ে সফরে সেঞ্চুরি করেন তিনি। এরপরই আচমকা টেস্ট থেকে অবসর নিয়ে নেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও সতীর্থ সবাইকে জানিয়ে দিয়েছেন, তিনি আর টেস্টে খেলবেন না।
'প্রমাণ করেই বিদায় বললাম'- মাহমুদউল্লাহর কাছে ব্যাপারটি ছিল এমন। কিন্তু টি-টোয়েন্টিতে সেভাবে প্রমাণ করা হয়নি তার। এবারের বিশ্বকাপে ৮ ইনিংসে ২৮.১৬ গড়ে ১৬৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, কিন্তু দলকে এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট নয়।
এই ফরম্যাট থেকে কি বিদায় নেওয়ার সময় হয়ে গেল? সংবাদ সম্মেলনে এই প্রশ্নটিও করা হলো মাহমুদউল্লাহকে। কিন্তু ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার জানালেন, আপাতত অবসরের চিন্তা করছেন না তিনি। বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ' না, এই মুহূর্তে ওরকম কিছু (টি-টোয়েন্টি থেকে অবসর) চিন্তা করছি না।'
