শিরোপা থেকে ২ পয়েন্ট দূরে রিয়াল মাদ্রিদ
গ্রানাডাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপার আরও কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। আর একটি ম্যাচ, যে ম্যাচটি জিতলেই সেরার মুকুট উঠবে রিয়ালের মাথায়। বৃহস্পতিবার ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। এই ম্যাচটি জিতে এক ম্যাচ আগেই শিরোপা উৎসব করার সুযোগ রিয়ালের সামনে।
৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। শিরোপা নিশ্চিত করতে রিয়ালের দরকার আর ২ পয়েন্ট। দুই বছর পর লা লিগার শিরোপা জিততে যাচ্ছে লা ব্লাঙ্কোসরা। এটা হবে রিয়ালের ৩৪তম লিগ শিরোপা। সর্বশেষ ২০১৭ সালে লা লিগার শিরোপা জিতেছিল রিয়াল।
গ্রানাডাকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে আবারও ৪ পয়েন্টের ব্যবধান এনেছে রিয়াল। কিন্তু এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট আদায় করতে ভালোই ঘাম ঝরাতে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের। প্রথমার্ধের শুরুর দিকেই দুটি গোল করলেও দ্বিতীয়ার্ধে খাপছাড়া হয়ে পড়ে রিয়াল।
একের পর এক আক্রমণ সাজানো গ্রানাডা দ্বিতীয়ার্ধে একটি গোলও আদায় করে নেয়। দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তারা। গ্রানাডার গোছালো ফুটবল দেখে মনে হচ্ছিল পা হড়কাতে পারে রিয়ালের। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
করোনাভাইরাসের কারণে লম্বা বিরতি শেষে লা লিগা মাঠে ফেরার পর থেকে প্রতাপ দেখিয়ে আসা রিয়াল ১৬ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায়। প্রথম গোলটি আসে ১০ মিনিটে। এ সময় বাঁ পায়ের অসাধারণ শটে গ্রানাডার জালে বল জড়ান রিয়ালের ফরাসি লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডি।
ম্যাচের ১৬ মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন আরেক ফরাসি করিম বেনজেমা। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করতে হয় তাদের। ৫০ মিনিটে গোল করে ব্যবধান কমান গ্রানাডার স্ট্রাইকার ডারউইন মাচিস। এরপর দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।
