জয়ের পর বাঁধভাঙা উল্লাস, বিশ্বকাপ হাতে ড্রেসিংরুমে মেসির উদ্দাম নাচ
আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ এনে দিলেন লিওনেল মেসি। রোববার (১৮ অক্টোবর) রাতে শ্বাসরুদ্ধ ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় মেসির দল। অবশেষে, দীর্ঘ ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।
বহুল আকাঙ্ক্ষিত জয়ের পর সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন অধিনায়ক মেসি। বিশ্বকাপের সমাপনী মঞ্চেই দেখা যায় চ্যাম্পিয়নদের আনন্দ-উল্লাস। ড্রেসিংরুমেও জয় উদযাপন বাকি থাকেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে টেবিলের ওপর উঠে নাচছেন মেসি।
টুইটারে ভিডিওটি পোস্ট করেছে ইএসপিএনএফসি। মেসির সতীর্থ নিকোলাস ওটামেন্ডির কাছ থেকে ভিডিওটি পেয়েছে তারা।
এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে ৭ গোল করেছেন মেসি। বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচ খেলে পূর্বের রেকর্ড ভেঙেছেন; টুর্নামেন্টের গোল্ডেন বলও মেসিই পেয়েছেন; অর্জন করেছেন 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট'র খেতাব। সবমিলিয়ে বিশ্বকাপে তার মোট গোলের সংখ্যা ১৩, যা আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ।
অন্যদিকে, ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে ৮ গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফাইনাল ম্যাচে হ্যাট্রিক করেও দলকে জেতাতে পারেননি তিনি। তবে ব্যক্তিগতভাবে অর্জন করেছেন এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট।
