দোষ দেওয়ার মতো কাউকে পাচ্ছেন না মাহমুদউল্লাহ
'ডু অর ডাই' ম্যাচ; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। জয় ছাড়া অন্য কোনো ভাবনা ছিল না বাংলাদেশ দলের। এমন ম্যাচে বল হাতে শুরুটা হয় দাপুটে, কিন্তু মাঝে কিছু ক্যাচ মিস আর শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরানের ব্যাটিং ঝড়; তাতে শুরুর ভালো করার তৃপ্তি উধাও।
এরপরও নাগালেই ছিল লক্ষ্য। শারজাহর উইকেটে ব্যাটিং করা কঠিন হলেও ১৪২ রান টপকানো অসাধ্য কোনো কাজ ছিল না নিশ্চয়ই। জয়ের পথেও ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। কিন্তু শেষের গড়মিলে জয় পাওয়া হয়নি বাংলাদেশের। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৩ রানে হেরে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মতো ঠিক পথে থেকেও জয় মেলেনি।
ভুলটা কোথায়, দায় কার? ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, কাউকেই দোষ দেওয়ার সুযোগ নেই। ফরম্যাটই এমন যে কখনও জয় আসবে, কখনও হারতে হবে। তার ভাষায়, 'বোলাররা ভালো করেছে, কিন্তু ব্যাটিংয়ের কারণে হয়নি। তবে এটা একটা ক্লোজ ম্যাচ ছিল। ব্যাটসম্যান বা বোলারদের দোষ দিতে পারি না। টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু ম্যাচ আপনি জিতবেন, কিছু হারবেন।'
কোথায় ম্যাচ থেকে ছিটকে গেল বাংলাদেশ? মাহমুদউল্লাহ মনে করেন উইকেটে সেট হয়ে যাওয়া লিটন দাসের আউট ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। তিনি বলেন, 'আমি মনে করি লিটনের উইকেট খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা দুজনই তখন সেট ছিলাম। যদি সেটা ছয় হতো, সম্ভবত লম্বা ফিল্ডার (জেসন হোল্ডার ফিল্ডার ছিলেন) থাকার এটাই একটা সুবিধা।'
বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট মাহমুদউল্লাহ। কিন্তু ক্যাচ ও ফিল্ডিং মিসে ১০-১৫ রান বেশি হয়ে গেছে বলে মনে করেন তিনি, 'বোলাররা দারুণ করেছে, কিন্তু এটা বলার পরও বলতে হয় আমরা কয়েকটি সুযোগ মিস করেছি। যে কারণে ১০-১৫ রান বেশি করেছে তারা। আমরা তাদেরকে শাসন করে খেলার চেষ্টা করেছি। কিন্তু উইকেট এমন ছিল না, যেখানে আপনি শট খেলতে পারেন। ব্যাক অফ লেন্থ বোলিংয়ের বিপক্ষে রান তোলা কঠিন ছিল।'
প্রায় প্রতি ম্যাচেই ক্যাচ ছাড়ছেন বাংলাদেশের ফিল্ডাররা। এটাকে সমস্যা হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ। আবার তিনিই বলছেন, কেউ ইচ্ছা করে ক্যাচ ছাড়ে না। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ক্যাচ মিস একটা সমস্যা, আমাদের আরও ভালো করতে হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা ফিল্ডার যদি ক্যাচ মিস করে, তবে কেউ তো আর ইচ্ছা করে করে না। কিন্তু আমরা তো আশা করি যে ওই সুযোগগুলা ধরবে। যেহেতু আমরা ধারাবাহিকভাবে মিস করছি, অবশ্যই এটা চিন্তার কারণ।'
