জুনে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া
দুটি টেস্ট খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বুধবার এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে পৌঁছবে অজিরা।
দুই-একদিন বিশ্রামের পর চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
১১ জুন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১৯ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
আগামী মে মাসে বাংলাদেশের আয়ারল্যান্ড সফরের সূচিও প্রকাশ করেছে বিসিবি। আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলতে ৬ মে দেশ ছাড়বেন টাইগাররা। ৮ মে আয়ারল্যান্ডে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ দল।
ওয়ানডে সিরিজটি আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে বেলফাস্টে। তিনটি ওয়ানডে যথাক্রমে ১৪, ১৬ এবং ১৯ মে বেলফাস্টে অনুষ্ঠিত হবে। এরপর ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
২২ মে ওভালে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৪ মে চেমসফোর্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ব্রিস্টল ও এজবাস্টনে যথাক্রমে ২৭ ও ২৯ মে পরের দুই টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-আয়ারল্যান্ড।
বাংলাদেশের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের সূচি
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ৮ মে | আয়ারল্যান্ডে পৌঁছাবে দল | |
| ১১ মে | আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ | বেলফাস্ট |
| ১৪ মে | প্রথম ওয়ানডে | বেলফাস্ট |
| ১৬ মে | দ্বিতীয় ওয়ানডে | বেলফাস্ট |
| ১৯ মে | তৃতীয় ওয়ানডে | বেলফাস্ট |
| ২০ মে | ইংল্যান্ড পৌঁছাবে দল | |
| ২২ মে | প্রথম টি-টোয়েন্টি | ওভাল |
| ২৪ মে | দ্বিতীয় টি-টোয়েন্টি | চেমসফোর্ড |
| ২৭ মে | তৃতীয় টি-টোয়েন্টি | ব্রিস্টল |
| ২৯ মে | চতুর্থ টি-টোয়েন্টি | এজবাস্টন |
| ৩০ মে | ইংল্যান্ড ছাড়বে দল |
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি
| ১১-১৫ জুন | প্রথম টেস্ট | চট্টগ্রাম |
| ১৯-২৩ জুন | দ্বিতীয় টেস্ট | ঢাকা |
