সৌদিতে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন সর্বোচ্চ ৪০ শতাংশ বাংলাদেশি
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল 'কিওয়া' জানিয়েছে, দেশটির বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে ইচ্ছুক কয়েকটি দেশের নাগরিকদের জন্য এখন থেকে নির্দিষ্ট হার নির্ধারণ করা থাকবে।
নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যম সৌদি গ্যাজেট।
জানা গেছে, একটি প্রতিষ্ঠানের মোট শ্রমিকের ৪০ শতাংশ ভারতীয় শ্রমিক নিয়োগ দেওয়া যাবে। একই হার বজায় থাকবে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রেও। অন্যদিকে, ইয়েমেনি শ্রমিক নিয়োগ দেওয়া যাবে সর্বোচ্চ ২৫ শতাংশ।
ইমেইলের মাধ্যমে এই নিয়ম চালু করা সম্পর্কে আরও কিছু সিদ্ধান্ত জানানো হয়। ইমেইলের একটি কপি সৌদি গ্যাজেট হাতে পেয়েছে।
ইমেইলে এটি জানায়, ৪০ শতাংশের বেশি বাংলাদেশি ও ভারতীয় নাগরিক কাজ করতে পারবেন না। ইয়েমেনি ও ইথিওপিয়ার নাগরিকদের ক্ষেত্রে যথাক্রমে সর্বোচ্চ ২৫ শতাংশ ও ১ শতাংশ নিয়োগ দেওয়া যাবে।
যেসব প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগের হার বেশি হয়ে যাবে, তারা তাদের শ্রমিকদের জন্য কর্ম নবায়ন ও থাকার অনুমতি ইস্যু করতে পারবে; তবে নতুন ভিসা ইস্যু করা বা বাড়তি কর্মীদের সার্ভিস ট্রান্সফারের ক্ষেত্রে উল্লিখিত দেশসমূহের নাগরিকদের উপর কিছু বিধিনিষেধ থাকবে।
এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের জন্য বাড়তি শ্রমিকদের ভিসা ইস্যু করা বা অন্য প্রতিষ্ঠানে শ্রমিক বদলি করার সুযোগ ছিল না।
বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মালিকেরা শ্রমিক নিয়োগ অথবা বদলি করার ব্যাপারে অনুরোধ জানালে তাদেরকে বার্তা দেওয়া হয়, 'আপনার প্রতিষ্ঠানে উক্ত দেশের নাগরিকত্ব থাকা শ্রমিকের সংখ্যাসীমা ছাড়িয়ে গেছে। তাই ওই দেশের কোনো কর্মী যখন আপনার কাছে থাকবে না, তখনই আপনি ভিসার আবেদন করতে পারবেন।'
এর আগে মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে, প্রক্রিয়া অনুযায়ী তাদের যোগ্যতার ভিত্তিতে প্রতিটি প্রতিষ্ঠানে আলাদা দেশের নাগরিকদের জন্য আলাদা নিয়োগের হার নির্ধারণ করা হয়েছে।
-
সূত্র: সৌদি গ্যাজেট
