সৌদির তেল শোধনাগার লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি নিরাপত্তা সূত্রের
সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু অঞ্চলের তেল শোধনাগার লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার একদিন পর—ইয়েমেন থেকে এই হামলা চালানো হয়। গ্রিসের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স শনিবার এ তথ্য জানিয়েছে।
ঘটনার পর সৌদি সিভিল ডিফেন্স ইয়ানবু অঞ্চলের জন্য বেশ কয়েকটি সতর্কবার্তা জারি করে এবং পরবর্তীতে জানায় যে বিপদ কেটে গেছে। এছাড়া ইয়েমেন সীমান্ত সংলগ্ন বন্দর নগরী জিজানের জন্যও সতর্কবার্তা জারি করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
তবে এসব হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।
গ্রিক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবে নিয়োজিত ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি মূলত গ্রিসের সামরিক বাহিনীর সদস্যরা পরিচালনা করছিলেন। সৌদি আরবের জ্বালানি অবকাঠামো রক্ষায় সহায়তার অংশ হিসেবে সেখানে যুক্তরাষ্ট্রের তৈরি 'প্যাট্রিয়ট' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে গ্রিস। ২০২১ সালের একটি দ্বিপাক্ষিক চুক্তির আওতায় করা হয় এ মোতায়েন।
গ্রিক নিরাপত্তা সূত্রগুলো আরও জানিয়েছে, শনিবার ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোনও ভূপাতিত করে গ্রিসের এই প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা।
