পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে
বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আড়াইশ পার করেছে করোনায় মৃতের সংখ্যা। গতকাল সোমবার নাগাদ করোনা আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে আরও ৮ জনের মৃত্যু হয়। যার ফলে রাজ্যটিতে মোট করোনায় মৃতের সংখ্যা হয়েছে ২৫৩। এছাড়া এদিন ২৭১ জন নতুন করোনা রোগীর শনাক্ত হয়।
এদিকে সোমবার থেকে সেখানে অনেকটাই ঢিলেঢালা হয়েছে লকডাউন। ধীরে ধীরে রাস্তায় বেরোতে শুরু করেছেন মানুষজন। ওদিকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। যার জেরে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫,৭৭২। এই মুহূর্তে করোনায় আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন আরও ৩,১৪১ জন। খবর হিন্দুস্তান টাইমসের।
গতকাল মৃতদের মধ্যে ৫ জন কলকাতার। ১ জন করে উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা রয়েছেন। মৃতদের একজন ভারতের অন্য এক রাজ্যের বাসিন্দা।
সোমবার নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পান ১৪৯ জন। যার ফলে মোট করোনামুক্ত ব্যক্তির সংখ্যা হল ২,৩০৬। এদিন রেকর্ড ৯,৪৮০টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলে মোট করোনার নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৩ হাজার ২৩১ টিতে।
