গুদামঘর চাঙ্গা রাখতে অ্যামাজনে ১ লাখ নতুন কর্মী
আমেরিকান কর্মবাজারে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ধকল সামলে উঠতে ১ লাখ নতুন কর্মী নিয়োগ দিয়েছে ই-কমার্স কোম্পানি অ্যামাজন। সবাই মিলে কর্মপরিবেশ চাঙ্গা করে তোলার প্রচেষ্টা হিসেবেই গুদামঘরে দেওয়া হয়েছে এ নিয়োগ।
মঙ্গলবার এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেফ বেজোস। খবর দ্য অনিয়ন ও সিএনবিসির।
জেফ বলেন, আমরা এই হাজার-হাজার নারী-পুরুষকে নিয়োগ দিয়েছি, যেন তারা অন্ধকারাচ্ছন্ন গুদামঘরে, সার্ডিন মাছের মতো ঝাঁক বেঁধে এক হয়ে আমাদের চাঙ্গা রাখতে পারেন।
তিনি জানান, নতুন এই কর্মীদের কাজ শুধু একটিই- কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, একসঙ্গে দম নেওয়া, কেউ কাশলে একসঙ্গে কাশা, যেন অন্যরা নিজেকে একা না ভাবে।
জেফ বলেন, অনলাইনে কেনাকাটা করতে লোকজন মরিয়া হয়ে গেছে দেখে আমরা ভাবলাম, কী করা যেতে পারে? প্রায় সব বাজার বন্ধ করে দিয়ে, লোকজনকে নিজ নিজ ঘরে বন্দি থাকতে বাধ্য করে আমরা আসলে অনলাইন থেকে, আমাদের কাছ থেকে কেনাকাটা করতে বাধ্য করছি। এই যে এত টাকাকড়ি আসছে, সেটির এর চেয়ে ভালো ব্যবহার আর কি হতে পারত?
স্বভাবতই অনলাইনে পণ্য অর্ডারের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়েছে শীর্ষ এই ই-কমার্স কোম্পানির ওপর। এ পরিস্থিতিতে বেড়েছে ব্যস্ততাও।
জেফ বলেন, ঘণ্টায় ১০ ডলার রোজগারের জন্য দমবন্ধ গুদামঘরগুলোতে যে মানুষগুলো শত অস্বস্তি ও যন্ত্রণা সহ্য করে যান, তাদের আমরা চাঙ্গা করতে চেয়েছি।
