মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
রাজধানীর মগবাজার এলাকায় 'নবীন ফ্যাশন' নামে একটি পাঞ্জাবির দোকান বন্ধের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। একই সঙ্গে ঢাকার হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদেশের পর্যবেক্ষণে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদে দেখা গেছে—মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে 'নবীন' ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধের নির্দেশ দেয়। সেখানে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও পাশে থাকা পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় আদালত মন্তব্য করেন, পুলিশের এমন নির্লিপ্ততা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে। কেন এ ধরনের আচরণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই আদেশে 'নবীন' ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতরের আগে গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, অন্য দোকানের তুলনায় কম দামে পাঞ্জাবি বিক্রি করায় মগবাজারের 'নবীন ফ্যাশন'-এর দোকানটি বন্ধ করে দেয় আশপাশের ব্যবসায়ীরা। কম দামে পণ্য বিক্রিকে 'রিলিফ দেওয়ার' সঙ্গে তুলনা করে প্রতিবেশী দোকানদাররা আপত্তি জানান। এ সময় সেখানে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা যায়। এর পরিপ্রেক্ষিতেই আদালত আজ এই আদেশ দিলেন।
