ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা নিয়ে কালিবাফের সতর্কবার্তা
উপসাগরীয় অঞ্চলের এক মিত্রের সহায়তায় শত্রুপক্ষ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।
বুধবার তার এক্সে (পূর্বে টুইটার)-দেওয়া এক পোস্টে তিনি ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দ্বীপ দখলের সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে একটি গুরুতর সতর্কবার্তা দিয়ে বলেছেন যে বহিরাগত শত্রুপক্ষরা তাদের হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পার্শ্ববর্তী [উপসাগরীয়] একটি দেশের সহযোগিতা নিচ্ছে।
পোস্টে তিনি বলেন, 'শত্রুপক্ষ এই অঞ্চলে তাদের এক মিত্রের সমর্থন নিয়ে ইরানের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করার জন্য প্রস্তুতি নিচ্ছে।'
কালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যদি তারা এক ধাপও এগোয়, তাহলে শত্রুপক্ষের আঞ্চলিক ওই মিত্র দেশের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো অবাধ আক্রমণের শিকার হবে।'
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে।
এই হামলায় ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মানুষ হতাহত হয়।
এর জবাবে, ইরানি সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালায়। তারা ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঞ্চলিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।
