কৃষকের আয়ের মূল উৎস নয় কৃষি
কৃষি প্রধান বাংলাদেশে কৃষকের আয়ের মূল উৎস নয় কৃষি। কৃষি পরিবারের আয়ের সিংহভাগই আসছে অকৃষি খাত থেকে। কৃষি খাত থেকে তাদের আয় হয় মাত্র ৩৮ শতাংশ। আর চাকুরী, শিল্প, ব্যবসা বিভিন্ন ধরনের ভাড়া, প্রবাসী আয় অকৃষি খাতে শ্রম সম্পদ বিক্রি ও পরিবহণ ব্যবসা থেকে আসে তাদের আয়ের ৬২ শতাংশ।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গতকাল প্রকাশিত এগ্রিকালচার অ্যান্ড র্যুরাল স্ট্যাটিটিক্স ২০১৮ শীর্ষক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কৃষি নির্ভর পরিবারগুলোর বছরে গড় আয় ২ লাখ ২ হাজার ৭২৪ টাকা।
এতে আরও বলা হয়েছে, কৃষি খাত থেকে সবচেয়ে বেশি আয় করতে পারে রংপুরের পরিবারগুলো। তাদের কৃষি আয় ৯২ হাজার ৫২২ টাকা, যা সারা দেশের কৃষকের গড় আয় থেকে ১৫ হাজার টাকা বেশি।
তবে অকৃষি খাতে আয় কম হওয়ায় রংপুরের কৃষকদের বার্ষিক আয় অন্যান্য এলাকার চাইতে ৩১ হাজার টাকা কম।
অকৃষি খাতে সর্বোচ্চ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা আয় করেন চট্টগ্রামের কৃষকরা।
