হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত
ভারতের তামিলনাড়ু রাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ভারতীয় প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এনডিটিভির এক সংবাদ সূত্রে এ তথ্য জানা যায়।
আজ বুধবার (৮ ডিসেম্বর) এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৩ আরোহী মারা গেছেন। নিহতদের মধ্যে জেনারেল রাওয়াতের স্ত্রীও রয়েছেন।
উদ্ধারকৃত একজনের দেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায়, তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় এনডিটিভির প্রতিবেদন।
শোকপ্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী বলেছে, 'গভীর অনুশোচনার সাথে আমরা জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং অপর ১১ জনের মৃত্যুর কথা নিশ্চিত করছি।'
এর আগে আজ বুধবার দুপুর ২টায় বিপিন রাওয়াতকে বহনকারী এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার তামিলনাড়ুর কোন্নুরে বিধ্বস্ত হওয়ার কথা জানায় আইএএফ। এই দূর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তামিলনাড়ুর পশ্চিমঘাট পর্বতমালার নিলগিরি পাহাড় থেকে আজ সকাল ১১টা ৪৫ মিনিটে রাওয়াত ও তার সফরসঙ্গীদের নিয়ে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। গন্তব্য ছিল রাজ্যের ওয়েলিংটনে অবস্থিত ডিফেন্স স্টাফ কলেজ।
আর মাত্র ১০ মিনিট পরই হেলিকপ্টারটি অবতরণ করতো, আর ঠিক তখনই এটি একটি সড়ক থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে পাহাড়ের ঢালে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার ভিডিওতে টুকরো টুকরো ধ্বংসাবশেষ ও আগুনের ধোঁয়ার মধ্যেই উদ্ধারকারীদের কাজ করতে দেখা গেছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মাধ্যমে দুর্ঘটনার খবর জেনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি তার বাসভবনে এনিয়ে মন্ত্রিপরিষদ বৈঠক ডেকেছেন।
আনুষ্ঠানিকভাবে মৃত্যু ঘোষণার আগেই রাজধানী দিল্লিতে জেনারেল রাওয়াতের বাসভবনে যান ভারতীয় সেনাপ্রধান এমএম নারভানে।
২০১৯ সালে ৬৩ বছর বয়সে ভারতের প্রতিরক্ষাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল রাওয়াত। সেনা, নৌ ও বিমান বাহিনীকে একটি কম্যান্ডের আওতায় আনতে তার পদটি সৃষ্টি করা হয়।
তিনি প্রতিরক্ষামন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টা ছিলেন।
১৯৭৮ সালে সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেনেন্ট হিসেবে যোগ দেন রাওয়াত। এরপর দীর্ঘ চার দশক সেনাবাহিনীতে যুক্ত ছিলেন। তিনি জম্মু-কাশ্মীরসহ চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করা সেনাশক্তির নেতৃত্ব দিয়েছেন।
