ডিসি-ওসির পর এবার গুলশানের এডিসিকে বদলি
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের পর এবার একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সারোয়ার হোসাইনকে বদলি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাকে বদলি করা হয়।
আদেশে, এডিসি মো. সারোয়ার হোসাইনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমে বদলি করা হয়। তার স্থলে বদলি করা হয় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন) এডিসি মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে।
এছাড়া একই আদেশে ডিএমপির মিরপুর বিভাগের মিরপুর জোনের এডিসি ফারজানা নাসরিনকে ডিবির মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমে বদলি করা হয়। তার স্থানে বদলি করা হয় ডিএমপির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. জাহিদুল ইসলামকে।
এর আগে গত শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন সড়কে মিছিল করে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে। পুলিশও দুই রাউন্ড রাবার বুটেল ছোঁড়ে।
এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে এবং বিকেলে ডিএমপির গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৭৯ জন গ্রেপ্তার করেছে ডিএমপি।
