এসবি ও ট্যুরিস্ট পুলিশের প্রধানসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ট্যুরিস্ট পুলিশের প্রধানসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন অতিরিক্ত আইজিপি ও ৫ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
এক প্রজ্ঞাপনে, ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে রাজশাহীর সারদায় প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়। তার স্থানে পদায়ন করা হয়েছে সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে। একই প্রজ্ঞাপনে এসবি প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। তার স্থানে পদায়ন করা হয়েছে পুলিশ অধিদপ্তরের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. কামরুল আহসানকে।
এছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সায়েদুর রহমান ও ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে।
অপর প্রজ্ঞাপনে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ডিআইজি মোহাম্মদ মুসলিমকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে, এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে এবং মেট্রোরেল ম্যাস র্যাপিড ট্রানজিটের ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে এসবিতে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
