ময়মনসিংহ মেডিকেল কলেজে আগুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের ১ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের ৩টি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটসহ ৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
ঝন্টু সরকার আরও জানান, হাসপাতালের এই লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট, ময়লা ও আবর্জনায় ভরা ছিল।
হাসপাতালের আনসার ও পুলিশ সদস্যরা জানায়, সিগারেটের আগুন বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। হাসপাতালে দ্বিতীয় তলার নষ্ট লিফট থেকে আগুনের লেলিহান শিখা অল্প সময়ে ৮ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় আগুন লাগার খবরে ৮তলা এই নতুন ভবনে থাকা রোগী, স্বজন, চিকিৎসক, নার্সসহ হাসপাতালে কর্মকর্তারা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বতর্মানের হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
