গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ী এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের টানা ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ঝুট গুদামের সমস্ত মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, 'সকাল সাড়ে ৫টার দিকে আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পাই।'
তিনি বলেন, 'বর্তমানে আমাদের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।'
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ডাম্পিং কাজ ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৫টার দিকে একটি ঝুট গুদামে হঠাৎ আগুন লাগে এবং তা দ্রুত চারপাশের অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখে স্থানীয়রা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
সংবাদ পেয়ে গাজীপুরের কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সমন্বিত প্রচেষ্টা শুরু করে। দীর্ঘ ৪ ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
