মধ্যপ্রাচ্য সংকটে প্রায় তিনগুণ বেশি দামে প্রতি এমএমবিটিইউ এলএনজি ৩০ ডলারে কিনবে সরকার
দেশের জ্বালানি চাহিদা মেটাতে মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর আগের দামের তুলনায় প্রায় তিনগুণ দামে এলএনজি আমদানি করছে সরকার। আগামী ২৭-২৮ অক্টোবর সময়ের জন্য সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি ২৯.৭৯৫ ডলার দরে কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রতি এমএমবিটিইউ ২৯.৭৯৫ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ শুরুর আগে প্রতি এমএমবিটিইউ এলএনজির দর ছিল প্রায় ১০ ডলার।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯-১০ অক্টোবর সময়ের জন্য যুক্তরাজ্যভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় টোটাল এনার্জিস থেকে এলএনজি আমদানি করা হবে। এতে প্রতি এমএমবিটিইউ-এর দাম পড়বে ২৮.৯৫ ডলার।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের 'ড্যারাব ইনক' থেকে ১৭ ডলার দরে সরাসরি ক্রয় পদ্ধতিতে দুই কার্গো এবং যুক্তরাষ্ট্রের 'মাইন্ড মিঙ্গেল এলএলসি' থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৯ ডলার দরে আরও দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
