যুক্তরাষ্ট্রে কুকুরের কামড়ের বিমা দাবি বেড়েছে ২৫ শতাংশের বেশি, বছরে গুনতে হচ্ছে প্রায় ২ বিলিয়ন ডলার
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে কুকুরের কামড় সংক্রান্ত বিমা দাবির সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে; ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে এই দাবির হার ২৫ শতাংশেরও বেশি বেড়েছে।
বিমা খাতের প্রতিনিধিত্বকারী সংস্থা 'ইনস্যুরেন্স ইনফরমেশন ইনস্টিটিউট'-এর নতুন এক সমীক্ষা অনুযায়ী, এই ধরনের আঘাতের কারণে গত বছর বিমা শিল্পকে ১.৮৬ বিলিয়ন ডলার গুনতে হয়েছে, যেখানে প্রতিটি দাবির গড় পরিমাণ ছিল ৬৫ হাজার ৪৫০ ডলার।
গবেষণায় উল্লেখ করা হয়, 'যেকোনো কুকুর—এমনকি সুপ্রশিক্ষিত ও শান্ত স্বভাবের কুকুরও—উত্তেজিত হলে কামড় দিতে পারে; বিশেষ করে খাবার খাওয়ার সময়, ঘুমানোর সময় কিংবা বাচ্চার দেখভাল করার মুহূর্তে।'
গত বছর যুক্তরাষ্ট্রে কুকুরের কামড় সংক্রান্ত মোট ২৮,৪৫০টি বিমা দাবি জমা পড়ে। সমীক্ষায় দেখা গেছে, ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডায় সবচেয়ে বেশি দাবি করা হয়েছিল, আর নিউইয়র্কে প্রতি দাবির বিপরীতে গড় খরচের পরিমাণ ছিল সর্বোচ্চ।
প্রগ্রেসিভ জানিয়েছে, ব্যক্তিগত দায়বদ্ধতা সুরক্ষার আর্থিক সীমা সাধারণত ১ লাখ থেকে ৫ লাখ ডলার পর্যন্ত হয়ে থাকে।
তবে কুকুরের কামড়ে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নিশ্চিত কোনো বিষয় নয় বলে জানিয়েছেন টেক্সাসের অস্টিনের 'স্মিথ অ্যান্ড ভিনসন ল'-এর ব্যক্তিগত আঘাত বিষয়ক ট্রায়াল আইনজীবী ও পার্টনার ব্র্যাড ভিনসন।
ভিনসন দ্য ইন্ডিপেনডেন্টকে এক ইমেইলে বলেন, 'কিছু পলিসিতে নির্দিষ্ট জাতের কুকুর নিষিদ্ধ থাকে কিংবা নির্দিষ্ট কিছু প্রাণীর ক্ষেত্রে ছাড় থাকে না। তাই আপনার পলিসিতে কী অন্তর্ভুক্ত আছে আর কী নেই, তা জানতে পলিসিটি পর্যালোচনা করা প্রয়োজন।'
ভেলর ইনজুরি ল-এর ব্যক্তিগত আঘাত বিষয়ক আইনজীবী ও ম্যানেজিং অ্যাটর্নি তারা টিগে উমব্রিনো দ্য ইন্ডিপেনডেন্টকে এক ইমেইলে বলেন, 'বিমাকারী ব্যক্তি কুকুরটির মালিক কি না এবং কোনো আঘাতের জন্য তিনি দায়ী কি না, তা নির্ধারণ করতে বিমা কোম্পানি তাদের পক্ষ থেকে তদন্ত করবে।'
তিনি আরও বলেন, 'আঘাতটি আসলেই কুকুরের কারণে হয়েছে কি না কিংবা ভুক্তভোগী কোনোভাবে কুকুরটিকে ক্ষেপিয়ে তুলেছিলেন কি না, সেটাও তারা খতিয়ে দেখবে।'
তদন্ত শেষ হওয়ার পর বিমা কোম্পানি দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
যদি এতে কোনো আইনি মামলা জড়িত থাকে, তবে প্রক্রিয়াটি কিছুটা ভিন্ন হয়। কুকুরের কামড়ের পর ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করতে পারেন। সে ক্ষেত্রে কুকুরের মালিকের উচিত অবিলম্বে তাঁদের বিমাকারীর সঙ্গে যোগাযোগ করা।
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির ওপর ভিত্তি করে কুকুরের কামড়ের বিমা দাবির নিষ্পত্তি হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
