সাভারে র্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই
ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় দিনেদুপুরে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বিকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। মামলায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. রেজাউল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমার প্রতিষ্ঠান আর.কে এন্টারপ্রাইজের ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের কর্মচারী ইস্রাফিল হক (৩৮) আইএফআইসি ব্যাংকের হেমায়েতপুর শাখা থেকে ২৬ লাখ টাকা উত্তোলন করে পায়ে হেঁটে মহাসড়ক পার হয়ে দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার সময় একটি প্রাইভেট কারে আসা র্যাবের কটি পরিহিত কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। পরে গতকাল অজ্ঞাতনামাদের আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছি।'
মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংক থেকে টাকা তুলে মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি প্রাইভেট কার এসে মো. ইস্রাফিল হকের গতিরোধ করে। গাড়ি থেকে চালকসহ মোট ৪ জন র্যাবের কটি পরা ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ইস্রাফিলকে ঘিরে ধরে।
প্রথমে ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে ব্যর্থ হওয়ার পর লোহার রড দিয়ে ইস্রাফিলকে পিটিয়ে আহত করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম টিবিএসকে বলেন, 'এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।'
