নেপালে ১০ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে টানা ১০ দিন আটকা পড়ে থাকার পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনী জানিয়েছে, আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ওই ব্যক্তির নাম লুহাইতাও। নেপালি সেনাবাহিনী এবং বিদেশি উদ্ধারকারীদের একটি যৌথ দল সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতর থেকে তাকে খুঁজে পায়। সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত জানান, উদ্ধারকারী দলটি তাকে সুড়ঙ্গ থেকে জীবিত অবস্থায় বাইরে বের করে আনতে সক্ষম হয়েছে।
উদ্ধারের পর বর্তমানে লুহাইতাও চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ধ্বংসাত্মক ভোটেকোশি বন্যার পর আপার ত্রিশূলী-১ প্রকল্পে বেশ কিছু মানুষ আটকা পড়ে আছেন—এমন আশঙ্কায় সেখানে উদ্ধারকারী দলগুলো তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই অভিযানের অংশ হিসেবেই এই উদ্ধারকাজ সম্পন্ন হয়।
