চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে পালালেন গাড়িচালক, খুদে বার্তায় লিখলেন ‘বাধ্য হয়েছি, বাঁচলে টাকা ফেরত দেব’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর এক কোটি টাকার ব্যাগ নিয়ে তার গাড়িচালক পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চালক জাহিদ হাসানের (৩০) বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের জিএম আকরামুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। অভিযুক্ত জাহিদ হাসান ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, চলতি বছরের ৩ এপ্রিল থেকে অভিযুক্ত জাহিদ হাসান ল্যাভেন্ডার ফ্যাশনের চেয়ারম্যান ও চীনা নাগরিক ইউ শ্যালীর ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ শুরু করেন। গত মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কারখানায় কাজ শেষে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।
সন্ধ্যা ৭টার দিকে রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়ি থামিয়ে খাবার খেতে নামেন ইউ শ্যালী। এই সুযোগে জাহিদ গাড়ির ভেতরে থাকা টাকার ব্যাগ ও গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার পর থেকেই চালকের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে পরবর্তীতে রাজধানীর গুলশানের একটি কফিশপের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
মামলার বাদী আকরামুল ইসলাম জানান, পালিয়ে যাওয়ার পর জাহিদ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইউ শ্যালীর মোবাইলে একটি খুদে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন। সেখানে জাহিদ লেখেন— 'আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি'অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে। আমি জানি না, বাঁচব কি না। যদি বেঁচে থাকি, আপনার টাকা ফেরত দেব। আমি এখন কাঁদছি। কারণ, আমি বিশ্বাস ভঙ্গ করেছি।'
এই বার্তার সূত্র ধরেই গুলশানের কফিশপের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
ভুক্তভোগী ইউ শ্যালী গত ১০ বছর ধরে বাংলাদেশে তৈরি পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত। গাজীপুরে তার চারটি পোশাক কারখানা রয়েছে। এছাড়া বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ–সার্কেল) মেহেদী ইসলাম জানান, টাকা লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযুক্ত চালককে গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
