কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার কেরণখাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা মাজার বাড়ির আলী মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের এক ব্যক্তির সিএনজি অটোরিকশা চুরি হয়। ওই চুরির ঘটনায় স্থানীয়রা সাকিল নামে সন্দেহভাজনক একজনকে আটক করে। সাকিলের দেওয়া তথ্যমতে স্থানীয়রা সোমবার রাতে আরিফ হোসেনকে হাড়িখোলা থেকে ধরে নিয়ে যায়।
সারারাত বিভিন্ন স্থানে নিয়ে তাকে মারধর করার পর সকালে হাড়িখোলা নিয়ে আসে। সেখান থেকে অনেক লোকজনের উপস্থিতিতে আবারও কুরুইন গ্রামের লোকজন তাকে তুলে নিয়ে যায়। এরপর কয়েকজন লোক আহত আরিফকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আলী মিয়া বলেন, 'আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে তারা পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।'
কেরণখাল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শামীম হোসেন বলেন, 'আরিফ হোসেন যদি সিএনজি অটোরিকশা চুরি করেও থাকতো, তাহলে এ ঘটনা তার অভিভাবক বা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো উচিত ছিল। এভাবে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, 'হাসপাতাল থেকে আমাদের ফোন করার পর তাৎক্ষণিকভাবে আমি হাসপাতালে যাই। এ ঘটনায় কারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।'
