‘কী স্টুপিড প্রশ্ন’: ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সেটিকে 'স্টুপিড প্রশ্ন' বলে মন্তব্য করেন।
সোমবার ওভাল অফিসে একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, 'আমি কখনোই তা বলব না। তবে উত্তর হলো, হ্যাঁ। এর কোনো কারণ নেই… কী স্টুপিড প্রশ্ন। সামরিকভাবে তারা পুরোপুরি পরাজিত, আর এখন আমি তাদের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? কী স্টুপিড প্রশ্ন।'
এর আগে ট্রাম্প ইরানের সভ্যতা ধ্বংস করার হুমকি দিলেও দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি।
ইরানের সঙ্গে চলমান এই উত্তেজনা সীমিত সামরিক অভিযানের অংশ নাকি তা পূর্ণমাত্রার যুদ্ধের দিকে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইরানকে 'ব্যর্থ রাষ্ট্র' হিসেবে আখ্যা দেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'দেশটিতে মূল্যস্ফীতি ৩৫০ শতাংশে ঠেকেছে। ওদের মুদ্রার কোনো মান নেই। ওরা সেনাদের বেতন দিতে পারছে না। ওদের বেশিরভাগ শীর্ষ নেতাই মারা গেছেন। ওদের নৌবাহিনী শেষ, বিমানবাহিনীও ধ্বংস হয়ে গেছে। ওদের নজরদারির সরঞ্জামও বলতে গেলে আর কিছুই অবশিষ্ট নেই। এর মানে এই নয় যে আমরা ওদের ওপর আঘাত হানব না। দেখা যাক কী হয়।'
হরমুজ প্রণালি প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, হরমুজে 'অত্যন্ত ভালো অবস্থানে' রয়েছে।
ট্রাম্প বলেন, 'আপনারা জানেন, আমরা বহু জাহাজ পারাপার নিশ্চিত করছি। গত রাতেও নৌবাহিনীর সহায়তায় জাহাজ পার হয়েছে। আমরা প্রতি রাতে গড়ে প্রায় ৩০টি করে জাহাজ পার করছি, সংখ্যাটি অনেক বড়। এর ফলে বিপুল পরিমাণ তেল বাইরে আসছে।'
এদিকে এক মাসের মধ্যে প্রথমবারের মতো রোববার (৩০ আগস্ট) দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
