দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৭৩
দেশে আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫৬টি শিশু।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮৭৪ জনে। আর পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯। অর্থাৎ, দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর মোট সংখ্যা ৯৭৩।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম আক্রান্তের সংখ্যা ৯৪, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৬২। এই সময়ে ১ হাজার ৯০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১১২টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯৯১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২।
আরও জানানো হয় গত ১৫ মার্চ হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৭৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৭৩টি শিশু মারা গেছে।
