শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আসামির আপিল ও সরকারের 'ডেথ রেফারেন্স' (মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন) নিষ্পত্তি করে এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৫ আগস্ট এ মামলায় হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।
গত ২৪ আগস্ট মামলাটিতে হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।
৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়।
এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করেন।
আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই সময় মাগুরাসহ দেশব্যাপী ব্যাপক আন্দোলন কর্মসূচি পালিত হয়।
