৮ সপ্তাহে বাংলা কিউআরে লেনদেন ৩,৫৭৮ কোটি টাকা
দেশে বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর চালুর পর ৮ সপ্তাহে ৩ হাজার ৫৭৮ কোটি ৭৪ লাখ টাকা লেনদেন হয়েছে। গত ২৮ জুন থেকে গতকাল শনিবার পর্যন্ত সময়ে এই লেনদেন হয়েছে।
এদিকে বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর চালুর পর এর মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। একই সময়ে লেনদেনের আর্থিক মূল্য বেড়েছে প্রায় তিনগুণ।
দেশে সব ধরনের কিউআর এর পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করার পর থেকে এই প্রবৃদ্ধি দেখা গেছে। গত ১ জুলাই থেকে দেশের সব প্রোপ্রাইটরশিপ প্রতিষ্ঠানে অন্যান্য কিউআর এর পরিবর্তে বাংলা কিউআর রাখার বাধ্যবাধকতা কার্যকর হয়।
তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ের শুরুতে বাংলা কিউআর এর মাধ্যমে দৈনিক গড়ে ১.৭৮ লাখ লেনদেন হতো। এসব লেনদেনে প্রতিদিন গড়ে প্রায় ৩৭.৩৩ কোটি টাকার কেনাকাটা হতো। তবে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়ে ৩.০৩ লাখে দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক গড় লেনদেনের অর্থমূল্য বেড়ে হয়েছে প্রায় ১১০.৩৮ কোটি টাকা।
এদিকে, বাংলা কিউআর গ্রহণকারী মার্চেন্টের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ১ জুলাই প্রায় ১৬ লাখ মার্চেন্টের বাংলা কিউআর থাকলেও বর্তমানে এ সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে।
বাংলা কিউআর ব্যবহারে বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলোও অগ্রণী ভূমিকা পালন করছে। ফলে দেশে ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
