কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের জেলার মো. মাসুদ হাসান জুয়েল।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'আজ বিকাল সোয়া ৪টায় তিনি কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি পান।'
তবে কারা ফটকে তাকে নিতে কে এসেছিলেন, তা এই কর্মকর্তা জানাতে পারেননি।
এর আগে, গত সোমবার (১৭ আগস্ট) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে 'নো অর্ডার' আদেশ দেন এবং এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
জামিনে মুক্তি পেলেও আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
এছাড়া, সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কারাগারে আটক ছিলেন তিনি।
এর মধ্যেই বিভিন্ন সময়ে তাকে ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
বিচারপতি খায়রুল হক ২০০৯ সালের জুলাই মাসে আপিল বিভাগে উন্নীত হন। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন সরকার তাকে বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেয়।
