জুলাইয়ের হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের জামিন
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্ত হতে পারছেন না এই নেতা বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি কে এম ইমরুল কায়েশ ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ মোজাম্মেল হককে কেন জামিন দেওয়া হবে না—এ মর্মে জারি করা রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।
আদালতে মোজাম্মেল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লিটন মিয়া। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল জসিম উদ্দিন।
এর আগে, রুবেল হত্যা মামলায় মোজাম্মেল হকের জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
২০২৫ সালের অক্টোবরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়। এর আগে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জুলাই আন্দোলনের সময় হামলার অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় মোজাম্মেল হকের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।
রুবেল হত্যা মামলার এজাহার অনুযায়ী, বিগত সরকারের পতনের দিন রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবরের রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালান।
এতে রুবেল গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম হত্যা মামলা করেন।
