শতভাগ নগদ মার্জিন প্রত্যাহার, সহজ হলো ফল আমদানি
ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন রাখার শর্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন নির্ধারণ করা যাবে।
ডলার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফলের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, শিশু, রোগী, বয়স্ক ও গর্ভবতী মায়েদের দৈনন্দিন খাদ্যতালিকায় ফল একটি অপরিহার্য পুষ্টিকর উপাদান। জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বিবেচনায় ফল আমদানি সহজ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে এবং ফলের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে।
এতে আরও বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে ২০২৪ সালের সেপ্টেম্বরে ফলসহ কিছু বিলাসজাতীয় ও আমদানি বিকল্প পণ্যের ওপর শতভাগ নগদ মার্জিন আরোপ করা হয়েছিল। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফিরে আসায় ফল আমদানির ক্ষেত্রে এ নিয়ম শিথিল করা হয়েছে।
তবে অন্যান্য বিলাসজাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে ওই সময় আরোপ করা নিয়ম অপরিবর্তিত থাকবে।
