ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) চমৎকার আর্থিক সাফল্য দেখিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। আলোচ্য সময়ে বছরওয়ারি হিসাবে, ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ৫৭ শতাংশ বেড়ে ১,৪২৩ কোটি টাকায় পৌঁছেছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, জানুয়ারি-জুন মেয়াদে বেসরকারি খাতের শীর্ষস্থানীয় এই ঋণদাতার শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫.০৭ টাকা।
২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির এই প্রবৃদ্ধির গতি ছিল সবচেয়ে জোরালো।
এই তিন মাসে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭২৭.৭৪ কোটি টাকায় পৌঁছেছে। কেবল দ্বিতীয় প্রান্তিকেই ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) অর্জিত হয়েছে ২.৫৫ টাকা।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, "বর্তমানে ব্র্যাক ব্যাংক ডিপোজিট ও অ্যাসেট মিলিয়ে প্রায় ১.৭০ লাখ কোটি টাকার ফান্ড ম্যানেজ করছে। প্রতি বছরই আমাদের পোর্টফলিও বড় হচ্ছে। গত এক বছরের ব্যবধানে আমাদের ডিপোজিট প্রায় ২৫% বেড়ে ৯৫,০০০ কোটি টাকা পার করেছে। এছাড়া একই সময়ে আমরা অ্যাসেট প্রায় ১৮% বেড়ে ৭৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থাৎ, ডিপোজিট ও অ্যাসেট—দুই ক্ষেত্রেই ব্র্যাক ব্যাংক মার্কেট অ্যাভারেজ থেকে অনেক বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।
পাশাপাশি ব্যাংক পরিচালনার ক্ষেত্রে আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি আগের তুলনায় অনেক বেড়েছে, যার ফলে ব্র্যাক ব্যাংকের 'কস্ট টু ইনকাম রেশিও' ৪৮% থেকে ৪২% -এ নেমে এসেছে। কর্পোরেট, এসএমই ও রিটেইল—তিন সেগমেন্টেই আমরা ব্যবসা বাড়িয়েছি এবং ব্যাংকের ব্যালেন্স শিট আগের চেয়ে অনেক বড় হয়েছে। ছয় মাসের ব্যবধানে আমাদের খেলাপি ঋণও ২.২৭% থেকে কমে ২.০৩% এ দাঁড়িয়েছে। সবকিছুর মিলিত ফল হিসেবেই আমাদের মুনাফার প্রবৃদ্ধি হয়েছে।"
