বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: এসিআই গোদরেজ, আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা
ল্যাবরেটরিতে পরীক্ষা এবং গুণগত মান সনদ গ্রহণ না করে—পোলট্রি ফিড, ফিশ ফিড উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে এসিআই গোদরেজ ও আফতাব ফিডকে জরিমানা করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই অপরাধে লেড এসিড স্টার্টার ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান জিউজো ইন্ডাস্ট্রি লি. নামক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
এই তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব জরিমানা করা হয়। এছাড়া রাজধানীর বছিলা ও হাজারীবাগ এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থাৎ আজ তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রূপগঞ্জে বিএসটিআই পরিচালিত অভিযানে দেখা যায়, এসিআই গডরেজ অ্যাগ্রোভেট ও আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড প্রয়োজনীয় বিএসটিআই গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এজন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে, জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের লেড অ্যাসিড স্টার্টার ব্যাটারির জন্য প্রয়োজনীয় সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাজধানীর বছিলা এলাকায় আমান কনজ্যুমার এন্ড টয়লেট্রিজ এবং স্ট্যান্ডার্ড কনজ্যুমার এন্ড টয়লেট্রিজ নামের দুটি প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানির নামের সাথে সাদৃশ্য রেখে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
রাজধানীর হাজারীবাগ এলাকায় বিএসটিআই'র গুণগত মান সনদ গ্রহণ না করে মিষ্টি, বিস্কুট, লাচ্ছা সেমাই বিক্রির অপরাধে 'মিঠাই' নামক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মান সনদ না নিয়ে মিষ্টি ও দই উৎপাদন ও বাজারজাত করার অপরাধে অপূর্ব-আনন্দ জলখাবারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার; রাজধানীর বছিলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এবং রাজধানীর হাজারীবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম।
বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন, বোরহান উদ্দিন, সুমাইয়া আফরোজ লিজাসহ বিএসটিআই'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন।
