বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'দ্য ওডিসি' মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে। মাত্র এক সপ্তাহে বিশ্বজুড়ে টিকিট বিক্রি থেকে ২৬৪ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে সিনেমাটি। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকেই এসেছে ১২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। রোববার এ তথ্য জানিয়েছে ইউনিভার্সাল পিকচার্স।
প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে গ্রিক বীর ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। ট্রয় যুদ্ধ শেষে নিজের দেশে ফেরার বিপদসংকুল যাত্রাকে কেন্দ্র করে এগিয়েছে ছবিটির গল্প।
২০২৩ সালের ব্লকবাস্টার 'ওপেনহাইমার'-এর পর এটি নোলানের প্রথম চলচ্চিত্র। 'ওপেনহাইমার' সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ একাধিক বিভাগে একাডেমি পুরস্কার (অস্কার) জিতেছিল।
ইউনিভার্সালের অভ্যন্তরীণ প্রেক্ষাগৃহ বিভাগের প্রেসিডেন্ট জিম অর বলেন, "এই সপ্তাহান্তে 'দ্য ওডিসি' ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।"
রেনট্র্যাকের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে দেশীয় ও বৈশ্বিক—দুই বক্স অফিসেই শীর্ষে ছিল চলচ্চিত্রটি। জিম অর রয়টার্সকে জানান, ছবিটি বিভিন্ন বয়সী দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টিকিট ক্রেতাদের অর্ধেকের বয়স ছিল ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে।
মুক্তির শুরুতেই ছবিটির টিকিট বিক্রি থেকে শক্তিশালী আয় দর্শকদের মধ্যে নোলানের জনপ্রিয়তারই প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রেনট্র্যাকের মার্কেটপ্লেস ট্রেন্ড বিভাগের প্রধান পল ডেরগারাবেডিয়ান বলেন, "বর্তমান সময়ের দর্শক চলচ্চিত্র ও নির্মাতাদের সম্পর্কে যথেষ্ট সচেতন। সিনেমার প্রতি তাদের যে ভালোবাসা, সেখানে ক্রিস্টোফার নোলানের প্রতিও গভীর আস্থায় প্রকাশ পায়। তাই নোলানের নতুন ছবি নিয়ে তাদের আগ্রহও অন্য রকম।"
'দ্য ওডিসি' নির্মাণে ব্যয় হয়েছে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। মুক্তির প্রথম রাতের প্রদর্শনীতে অংশ নেওয়া দর্শকদের কাছ থেকে ছবিটি 'এ' সিনেমাস্কোর পেয়েছে। রটেন টমেটোজেও দর্শক রেটিং ছিল ৯৭ শতাংশ।
মুক্তির প্রথম সপ্তাহান্তের আয় অনুযায়ী এটি ক্রিস্টোফার নোলানের সবচেয়ে বড় ওপেনিংগুলোর একটি। মূল্যস্ফীতি সমন্বয় করলে বিশ্বব্যাপী ওপেনিং আয়ের দিক থেকে ছবিটি নোলানের তৃতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র।
এর আগে রয়েছে ২০১২ সালের 'দ্য ডার্ক নাইট রাইজেস' এবং ২০০৮ সালের 'দ্য ডার্ক নাইট'। মূল্যস্ফীতি সমন্বয়ের পর ওই দুই ছবির ওপেনিং সপ্তাহান্তের আয় দাঁড়িয়েছিল যথাক্রমে ৩৫৮ দশমিক ৫ মিলিয়ন ও ৩০৪ মিলিয়ন ডলার।
ইউনিভার্সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় দর্শকদের অর্ধেকই উন্নত প্রযুক্তির প্রেক্ষাগৃহে 'দ্য ওডিসি' দেখেছেন। এর মধ্যে ২৩ শতাংশ দর্শক ছবিটি দেখেছেন আইম্যাক্সে।
ছবিটি মুক্তির এক বছর আগেই নির্বাচিত কয়েকটি আইম্যাক্স প্রেক্ষাগৃহে টিকিট বিক্রি শুরু হয়। দর্শকদের আগ্রহ এত বেশি ছিল যে উত্তর আমেরিকার ৫০টির বেশি প্রেক্ষাগৃহে মধ্যরাত থেকে সকাল ৭টার মধ্যে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থাও করতে হয়েছে।
