ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া হবে, কেউ সহায়তাহীন থাকবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে এবং কেউ সহায়তাহীন থাকবে না।
বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙ্গামাটির বন্যা ও পাহাড়ধসপ্রবণ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "দেশের যেকোনো দুর্যোগে দুঃখী মানুষের পাশে সরকার রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সময়মতো ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।"
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর বৈরী আবহাওয়া উপেক্ষা করে বুধবার বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। সন্ধ্যায় সেখানে পৌঁছে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাতে রাঙ্গামাটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তার নির্দেশনা অনুযায়ী ত্রাণ সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে এসেছেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসনের মাধ্যমে অতিরিক্ত আর্থিক সহায়তাও দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, "পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা পরিষদসহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। সব জাতিগোষ্ঠীর মানুষের সমঅধিকার ও সমউন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ অব্যাহত রাখবে।"
পরিদর্শনের অংশ হিসেবে তিনি রাঙ্গামাটি সদরের লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এছাড়া কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রমে সহযোগিতা করায় স্থানীয় নেতাদের ধন্যবাদ জানান।
এর আগে তিনি চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আজিমপুর ওয়ার্ড, মেখল এলাকার ইছাপুর, চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলীর খিল্লাপাড়া এবং জালালাবাদের বটতলা এলাকার প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন এবং বায়েজিদ থানার বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকার পাহাড়ে ফাটল পরিদর্শন করে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে, কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সৃষ্ট জলাবদ্ধতা ও জনদুর্ভোগে দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।
এক ভিডিও বার্তায় তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় তরুণদের সমন্বিতভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
