পার্বত্য চট্টগ্রামে সমমর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সংকট মোকাবিলায় পাহাড়ি ও বাঙালিসহ সব জনগোষ্ঠীর সমমর্যাদা, সহাবস্থান ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।
এসময় বিভাজনের রাজনীতির পরিবর্তে সম্প্রীতি, অন্তর্ভুক্তি ও সুশাসনের ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে 'পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি'- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বিভাগ ও তিন পার্বত্য জেলা।
নাহিদ ইসলাম বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান শুধু সমতলের নয়, পার্বত্য চট্টগ্রামেরও আন্দোলন ছিল। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচিতে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বাঙালিসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ স্বৈরাচার, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে অংশ নিয়েছিলেন।'
তিনি বলেন, 'বাংলাদেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বৈষম্যবিরোধী রাষ্ট্র গঠনের প্রশ্নে এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সব জনগোষ্ঠীর ঐক্য অপরিহার্য।'
বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, 'দলটি বাংলাদেশের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিলেও গত পাঁচ দশকে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি।'
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, 'বর্তমান সরকারও পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।'
তিনি বলেন, 'প্রচলিত রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে বিভিন্ন সম্প্রদায়ের কাছে নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সেগুলোর বাস্তবায়ন হয় না। এনসিপি কাজের মাধ্যমে সব জনগোষ্ঠীর সমান নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে চায়।'
পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে 'জটিল' উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'সেখানে পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ই বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার।'
জনগোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন বহাল থাকলে বহিঃশক্তি তার সুযোগ নেয়। তাই জাতীয় ঐক্য জোরদারের পাশাপাশি পারস্পরিক আস্থা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাহাড়ে উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ তুলে তিনি বলেন, 'সমতল ও পাহাড়—সব জায়গায় জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে হবে।'
একই সঙ্গে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, 'নির্বাচনের আগে সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়ন করেনি।'
তিনি বলেন, 'জুলাই-পরবর্তী রাজনৈতিক বিভাজনের জন্য ক্ষমতাসীনদের ভূমিকাই দায়ী।'
আলোচনা সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদসহ দলের কেন্দ্রীয় ও চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
