নারায়ণগঞ্জে জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি করার অভিযোগে ২ তরুণ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার রূপ পরিবর্তন করে 'কালেমা' লিখে বিক্রি করার অভিযোগে সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে তাদের আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মো. নিয়ামক উল্লাহ (২৫) ও শেরপুর সদর উপজেলার চান মিয়ার ছেলে সিদ্দিক (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিতালি মার্কেট এলাকায় আরবি অক্ষরে কালেমা লেখা বিকৃত জাতীয় পতাকা তৈরি করতেন। পরে সেসব পতাকা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করা হতো। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের তৈরি এই বিকৃত পতাকা উড়তে দেখা যাওয়ায় সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
তিনি বলেন, 'জাতীয় পতাকাকে বিকৃত ও কালেমার পতাকা বানিয়ে গ্রেপ্তারকৃতরা অনলাইন পেজের মাধ্যমে বিক্রি করে যাচ্ছিল। তাদের এই কার্যক্রমের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।'
