নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ
কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। পরে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ছিলেন।
আজ শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নভোএয়ারের 'বিকিউ-৯৩৫' ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। তবে উড্ডয়নের মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই এটি যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নভোএয়ারের মুখপাত্র নীলাদ্রি শুভ 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'-কে বলেন, 'সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি ঢাকায় ফিরে এসেছে।'
তিনি জানান, একটি যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল, তাই পাইলট ঢাকা বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
ঘটনা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, উড্ডয়নের পর বিমানের ল্যান্ডিং গিয়ার সঠিকভাবে ভেতরে প্রবেশ করেনি। পাইলট বারবার চেষ্টা করলেও ল্যান্ডিং গিয়ারটি সম্পূর্ণভাবে ভেতরে নেওয়া সম্ভব হয়নি। এরপর পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করার আগে জ্বালানি কমাতে বিমানটিকে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে উড়িয়ে রাখেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির কক্সবাজারে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ওই ফ্লাইটে ভ্রমণ করছিলেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বিমানটি সফলভাবে অবতরণের পর সব যাত্রী নিরাপদে নেমে যান।
