আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা
২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।
এবার সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরীক্ষা চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশেষ 'সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল' গঠন করা হয়েছে, যেখান থেকে অনলাইনে সরাসরি দেশের যেকোনো কেন্দ্র পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের শরীরে 'বডি ওর্ন' ক্যামেরা থাকবে।
মোট ৭৭টি বিষয়ে ২১ দিন ধরে এই পরীক্ষা চলবে। যেসব দিন পরীক্ষা থাকবে না, সেসব দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম সচল থাকবে। 'সেভেন্থ ডে এডভান্টিস্ট' সম্প্রদায়ের পরীক্ষার্থীদের জন্য শনিবারের পরীক্ষাগুলো বিশেষ ব্যবস্থায় সূর্যাস্তের পর অনুষ্ঠিত হবে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এর মধ্যে ৫ লাখ ৭৭ হাজার ৩০৮ জন ছাত্রী এবং ৪ লাখ ৯২ হাজার ৪০৬ জন ছাত্র। গত বছরের তুলনায় সাধারণ বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ১৪ হাজার ৩১৬ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ১১ জন এবং ছাত্রী ৪০ হাজার ৮৯৪ জন। মাদ্রাসা বোর্ডে গত বছরের চেয়ে ৬ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী বেড়েছে।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৭৭ হাজার ৫৫২ জন ছাত্র ও ৩০ হাজার ৪১২ জন ছাত্রী। কারিগরি বোর্ডে গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ১ হাজার ৬৪৭ জন।
এবারের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ পরীক্ষার ফর্ম পূরণ করেনি। প্রাপ্ত তথ্যমতে, ৯টি সাধারণ বোর্ডে ৩৩.০৪ শতাংশ নিবন্ধিত শিক্ষার্থী ফর্ম পূরণ করেনি। মাদ্রাসা বোর্ডে এই হার ৪৪.০৭ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৫৪.৫৮ শতাংশ।
