চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরুর বিষয়টি গুজব: আন্তঃশিক্ষা বোর্ডের সতর্কবার্তা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই, ২০২৬ থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুরু হবে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
মঙ্গলবার (২১ জুলাই) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমার স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি'-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তির সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পর্ক নেই।
এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।
পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধু শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সরকারি ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
