ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’
দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্ল্যাটফর্ম 'ইনটেক্স বাংলাদেশ ২০২৬' আজ (১৮ জুন) ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে টেক্সটাইল উৎপাদনকারী, সোর্সিং পেশাদার, ক্রেতা, বিভিন্ন ব্র্যান্ড, নীতিনির্ধারক এবং বাণিজ্য সংশ্লিষ্ট সংগঠনগুলো ব্যবসায়িক নেটওয়ার্কিং, উদ্ভাবন এবং আন্তঃসীমান্ত সহযোগিতার লক্ষ্যে একত্রিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, শিল্প নেতা এবং আন্তর্জাতিক প্রদর্শকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়ার চেয়ারম্যান ও এমডি রাজেশ ভগত, টেক্সপ্রোসিল-এর জয়েন্ট ডিরেক্টর মুরলি বালকৃষ্ণ, বিজিবিএ-এর সভাপতি মো. আব্দুল হামিদ পিন্টু এবং বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং রপ্তানি অনুবিভাগের প্রধান আব্দুর রহিম খান।
ফিতা কাটা, গ্রুপ ফটোসেশন এবং হল পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এরপর ভিআইপি অতিথিরা হল-২ এ 'ইনক্রেডিবল টেক্সটাইলস অফ ইন্ডিয়া' প্যাভিলিয়নটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
'ইনটেক্স বাংলাদেশ ২০২৬'-এ চারটি বিশেষায়িত প্রদর্শনী হল জুড়ে ভারত, চীন, তাইওয়ান, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, পাকিস্তান, হংকং, উজবেকিস্তান এবং স্বাগতিক বাংলাদেশসহ ১২টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩০০টিরও বেশি বুথ স্থান পেয়েছে। প্রদর্শনীতে ফাইবার, ইয়ার্ন (সুতা), ফেব্রিক, কৃত্রিম ফাইবার, ট্রিমস, এক্সেসরিজ, কমপ্লায়েন্স সলিউশন, ট্রেসেবিলিটি টেকনোলজি এবং টেকসই টেক্সটাইল উদ্ভাবনের বৈচিত্র্যময় পণ্য প্রদর্শিত হচ্ছে।
টেক্সপ্রোসিল, ম্যাটেক্সিল এবং পিডেক্সিল-এর সহযোগিতায় গঠিত 'ইনক্রেডিবল টেক্সটাইলস অফ ইন্ডিয়া' প্যাভিলিয়নে ৭৫টিরও বেশি ভারতীয় কোম্পানি তাদের তুলা, সিনথেটিক ফাইবার, টেকসই ফেব্রিক এবং ভ্যালু-অ্যাডেড সোর্সিং সলিউশন প্রদর্শন করছে।
অন্যদিকে, 'চায়না ফ্যাশন টেক্সটাইল প্যাভিলিয়ন'-এ চীনের প্রধান টেক্সটাইল প্রদেশগুলো থেকে আগত ৭০টিরও বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের ফ্যাশন ফেব্রিক, ফাংশনাল ম্যাটেরিয়ালস, টেকনিক্যাল টেক্সটাইল এবং পোশাকের আনুষঙ্গিক সরঞ্জাম তুলে ধরছে। এ ছাড়া ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে তাইওয়ান, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, পাকিস্তান, হংকং এবং উজবেকিস্তানের প্রদর্শকরা উন্নত টেক্সটাইল প্রযুক্তি এবং পারফরম্যান্স ফেব্রিক নিয়ে অংশগ্রহণ করেছেন।
প্রদর্শনীর পাশাপাশি হল-৪ এর মেজানাইন লেভেলে 'ইন্টারঅ্যাক্টিভ বিজনেস ফোরাম' সেমিনার সিরিজের আওতায় দুটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হচ্ছে।
আজ টেক্সটাইলজেনেসিস-এর সহযোগিতায় 'স্কেলিং সাসটেইনেবল ম্যাটেরিয়ালস অ্যাক্রস গ্লোবাল সাপ্লাই চেইন' শীর্ষক সেশনটি অনুষ্ঠিত হয়। আগামী শনিবার ফ্যাশন বিজনেস জার্নালের সহযোগিতায় 'ফ্রম ফ্যাক্টরি ফ্লোর টু গ্লোবাল ফ্যাশন ইনফ্লুয়েন্স' শীর্ষক দ্বিতীয় সেশনটি অনুষ্ঠিত হবে।
এই সেমিনারগুলোতে পণ্য শনাক্তকরণ, স্থায়িত্ব এবং বিশ্বব্যাপী পোশাক উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করা হচ্ছে।
প্রদর্শনীটি বাংলাদেশসহ শ্রীলঙ্কা, ভারত, হংকং, চীন, জাপান, জার্মানি, যুক্তরাজ্য এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারের সোর্সিং পেশাদার ও ক্রেতা প্রতিনিধিদের জন্য উন্মুক্ত রয়েছে।
