চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম রামহরি বৈষ্ণব (২০)। আজ সোমবার দুপুরে কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৈষ্ণবের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং থানার কবিরপুরে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, রামহরি বৈষ্ণব নগরের লালদীঘির পাড় এলাকায় একটি খাবারের দোকানের কর্মচারী ছিলেন। আজ দুপুর দেড়টার দিকে দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা লাগানোর সময় তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন টিবিএসকে বলেন, 'দুপুর দেড়টার দিকে লালদীঘির পাড় এলাকায় পতাকা লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'
