ছুটির দিনেও চালু থাকবে ব্যাংকের যে ২ গুরুত্বপূর্ণ সেবা
সরকারি ছুটির দিনেও সীমিত পরিসরে ব্যাংকিং লেনদেন সচল রাখতে আগামী সোমবার ও মঙ্গলবার (২৫ ২৬ মে)বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের গত সোমবারের (১৮ মে) একটি সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মূলত ঈদের ছুটি চলতি মাসের ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট সাত দিন নির্ধারণ করা হয়েছে। তবে ২৫ ও ২৬ তারিখে ব্যাংকের কিছু শাখা খোলা রাখা হবে। তাই এ সময় 'বিএসিএইচ'-এর আওতায় 'বিএসিপিএস' ও 'বিইএফটিএন' সেবা সীমিত সময়সূচিতে পরিচালিত হবে।
বিএসিপিএস'-এর সময়সূচি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, হাই ভ্যালু ক্লিয়ারিং'-এর 'প্রেজেন্টমেন্ট কাট-অফ টাইম' নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত।
অন্যদিকে, 'রেগুলার ভ্যালু ক্লিয়ারিং'-এর 'প্রেজেন্টমেন্ট কাট-অফ টাইম' দুপুর ১২টা পর্যন্ত এবং 'রিটার্ন কাট-অফ টাইম' দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া 'রেগুলার ভ্যালু ক্লিয়ারিং'-এর রিটার্ন কাট-অফ টাইম দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, 'বিইএফটিএন'-এর তিনটি সেশন আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।
আরটিজিএস সেবার সময়সূচি নিয়ে জানানো হয়েছে, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট ব্যবস্থায় বাংলাদেশি মুদ্রা (বিডিটি) ও বৈদেশিক মুদ্রা (এফসি) উভয় ধরনের সকল লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত হবে।
এছাড়া আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চালু থাকবে।
সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়সূচি মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
