ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষণা
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের জন্য আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ছুটি ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন দেশের সকল অফিস বন্ধ থাকবে। তবে এই ছুটির সমন্বয় করতে এর আগের সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ ২৩ মে এবং ২৪ মে (শুক্রবার ও শনিবার) দেশের সকল অফিস খোলা থাকবে।
জরুরি পরিষেবার বিষয়ে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবেন। এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই ছুটির আওতামুক্ত থাকবে।
তবে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
