ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।
বুধবার (৭ মে) রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে ২৩ মে'র (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে এবং সেদিন অফিস খোলা থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে 'জাতীয় গণশৌচাগার নীতিমালা ২০২৬'-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হলো গণশৌচাগারের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা; জনস্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন গণশৌচাগার সুবিধার সহজপ্রাপ্যতা নিশ্চিত করা; এবং নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব শৌচাগার সুবিধা নিশ্চিত করা।
এ ছাড়া গণশৌচাগার ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও টেকসই পরিচালনার জন্য কার্যকর ব্যবস্থাপনা কাঠামো ও অর্থায়ন নিশ্চিত করাও এই নীতিমালার লক্ষ্য। পাশাপাশি সময়ের প্রয়োজনে নীতিমালাকে কার্যকর ও যুগোপযোগী রাখতে এর পর্যবেক্ষণ, মূল্যায়ন ও হালনাগাদের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার কথাও এতে বলা হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোতে নারীদের জন্য পৃথক শৌচাগার নির্মাণ অন্তর্ভুক্ত করতে হবে।
সব শৌচাগারে বর্জ্য সংরক্ষণের জন্য সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হবে এবং কোনো অবস্থাতেই শৌচাগারের বর্জ্য নদী, খাল, জলাভূমি কিংবা অন্য কোনো জলাশয়ে প্রবাহিত করে পানি দূষণের সুযোগ রাখা যাবে না।
