ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৭ মে ঈদুল আজহা ধরে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
ঘরমুখো যাত্রীদের জন্য প্রথম দিন, অর্থাৎ আগামী ২৩ মে'র ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বুধবার সকাল ৮টা থেকে।
রেলওয়ের তথ্যমতে, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। এর মধ্যে ২৪ মে'র টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে'র টিকিট ১৫ মে, ২৬ মে'র টিকিট ১৬ মে এবং ২৭ মে'র টিকিট বিক্রি হবে ১৭ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে একজন যাত্রী কেবল একবারই অগ্রিম টিকিট কিনতে পারবেন। এ টিকিট ফেরত দেওয়া যাবে না।
যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
এ ছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য দুটি বিশেষ পশুবাহী ট্রেন বা 'ক্যাটল স্পেশাল' চালানো হবে। ট্রেন দুটি ২২ ও ২৩ মে চলাচল করবে। এগুলো দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।
বাংলাদেশ রেলওয়ের যুগ্ম পরিচালক (অপারেশন) মো. শহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজ থেকে রেলের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। এবার ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। পাশাপাশি চাহিদাসম্পন্ন রুটগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।"
