আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
একটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে আজ সোমবার ৪৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতি ডলারের দাম পড়েছে ১২২ টাকা ৭৫ পয়সা।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানির দায় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যমতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। এর আগে গত ৭ এপ্রিল রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
