প্রায় দুই মাস পর ফের নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
প্রায় দুই মাস পর আবারও বাণিজ্যিক ব্যাংক নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার ১২২ টাকা ৭৫ পয়সা দরে বাণিজ্যিক ব্যাংক থেকে ৭০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে ১২২ টাকা ৯০ পয়সা সর্বোচ্চ দরে রেমিট্যান্স হাউজ থেকে ডলার কেনার মৌখিক নির্দেশনা দিয়েছিল।
এবিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে বলেন, রেমিট্যান্সের দর ১২২ টাকা ৯০ পয়সা, আর বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সায়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ডলারের দর আরেকটু কমাতে চাচ্ছে। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক মার্কেটে একটা ইঙ্গিত দিল যে ডলার দর ১২২ টাকা ৭৫ পয়সার আশপাশেই হবে।
বেসরকারি একটি ব্যাংকের এক ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে বলেন, "মার্কেটে পর্যাপ্ত পরিমাণ ডলার রয়েছে। এজন্য ডলারের দর যেন না বাড়ে—সেজন্য এ দামে ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। কারণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে মূল্যস্ফীতি বড় একটা চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য। তাই ডলারের দর কমিয়ে আনতে পারলে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। তাতে আমদানিকারকদের জন্য খরচ কিছুটা হলেও কমবে।"
আরেকটি বেসরকারি ব্যাংকের ঊর্ধতন এক কর্মকর্তা টিবিএসকে বলেন, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ডলারের দাম বাড়তে শুরু করেছে। এজন্য কয়েকটি ব্যাংকও বেশি দামে ডলার কিনেছে এমন তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। আশা করা যায়, ডলারের দর সামনে আবার কমে আসবে।"
