Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
পারস্য উপসাগরে ২০ মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ইরানের

আন্তর্জাতিক

আল জাজিরা, বিবিসি, রয়টার্স
05 March, 2026, 07:15 pm
Last modified: 05 March, 2026, 11:45 pm

Related News

  • ইরানের জ্বালানি কেন্দ্রে হামলা আরো পেছানোর ঘোষণা ট্রাম্পের; ইসরায়েলে হামলা চলছে; মধ্যপ্রাচ্যে ১০ হাজার মার্কিন সেনা পাঠানোর চিন্তা
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান
  • যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান
  • আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরে ২০ মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ইরানের

যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।
আল জাজিরা, বিবিসি, রয়টার্স
05 March, 2026, 07:15 pm
Last modified: 05 March, 2026, 11:45 pm
প্রতীকী ছবি: রয়টার্স

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার আজ (৫ মার্চ) ষষ্ঠ দিন। হামলার প্রথম দিন শনিবারেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত নয়জন। আর ইরানে নিহত সহস্র ছাড়িয়েছে।

যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, বাহরাইনসহ পশ্চিম ও মার্কিন মিত্র দেশগুলোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ২০ হাজার মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে প্রায় ২০ হাজার মার্কিন নাগরিক দেশে ফিরে গেছেন।

দপ্তর আরও জানায়, কিছু মার্কিন নাগরিককে তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে বা বর্তমানে তারা দেশে ফেরার পথে রয়েছেন।

তবে নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি।

মধ্যপ্রাচ্য ছাড়তে ইচ্ছুক মার্কিন নাগরিকদের জন্য চার্টার ফ্লাইট ও স্থলপথে পরিবহনের ব্যবস্থা সমন্বয় করছে মার্কিন কর্মকর্তারা এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের এক ডজনের বেশি দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানায়।


ইরান বনাম যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধের জেরে তেলের দাম বেড়েছে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় যুক্তরাষ্ট্রের তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৮৮ ডলারে পৌঁছেছে। এটি গত বছরের জানুয়ারির পর সর্বোচ্চ।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট নর্থ সি ক্রুডের দামও ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।

ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট বাণিজ্যিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এছাড়া কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এ পথ দিয়ে রপ্তানি করা হয়।

বিশ্বের দৈনিক তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশ, প্রায় ২ কোটি ব্যারেল, এই সংকীর্ণ পথ দিয়ে পরিবাহিত হয়।


যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ৩,৬০০-এর বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: ইরান

ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটিতে ৩,৬০০-এর বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য উদ্ধৃত করেছে।

খবরে বলা হয়েছে, ইরানের রেড ক্রিসেন্টের প্রধান জানিয়েছেন, এখন পর্যন্ত ৩,৬৪৩টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩,০৯০টি বাড়ি, ৫২৮টি বাণিজ্যিক কেন্দ্র, ১৩টি চিকিৎসা প্রতিষ্ঠান এবং রেড ক্রিসেন্টের ৯টি কেন্দ্র।

তিনি আরও জানান, খাতাম হাসপাতাল, গান্ধী হাসপাতালসহ কয়েকটি বড় হাসপাতাল এবং অন্যান্য পুনর্বাসন ও কল্যাণকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় হাসপাতালের কিছু কাঠামো ধসে পড়ায় কয়েকজন রোগী আহত হয়েছেন। এছাড়া ভ্যালিয়াসর বার্ন হাসপাতালের মতো কিছু চিকিৎসাকেন্দ্র কার্যত অচল হয়ে পড়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট বলেছে, ক্ষয়ক্ষতির নথিপত্র আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে, যাতে সম্ভাব্য আইনি পদক্ষেপ নেওয়া যায়।


লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০০ ছাড়িয়েছে

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের বোমা হামলার সর্বশেষ হতাহতদের তথ্য প্রকাশ করেছে।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ১০২ জন নিহত এবং ৬৩৮ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে আরও আহত মানুষ পৌঁছানোর কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


ত্রিপোলিতে হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে হামাসের একজন কমান্ডার ওয়াসিম আতাল্লাহ আলিকে হত্যা করেছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, নৌবাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছে। আলি হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন বলে অভিযোগ করেছে।

তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে জানানো হয়েছে, লেবাননে হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল এবং আজ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের আগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের ত্রিপোলির দিকে সরে যেতে বলা হয়েছিল।


পারস্য উপসাগরে আটকে পড়েছেন ২০ হাজার নাবিক, ১৫ হাজার যাত্রী: জাতিসংঘ

জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এএফপিকে জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার নাবিক এবং ১৫ হাজার ক্রুজ জাহাজের যাত্রী আটকে পড়েছেন।

সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেছেন, 'আটকে পড়া নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে আইএমও প্রস্তুত।'

শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংস্থাটি ওই অঞ্চলে জাহাজ সংশ্লিষ্ট সাতটি ঘটনার তথ্য নথিভুক্ত করেছে, যাতে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

ডোমিঙ্গেজ বলেন, 'এই উদ্বেগজনক হামলাগুলোর অর্থনৈতিক প্রভাব ছাড়াও এটি একটি মানবিক বিষয়। নিরীহ নাবিকদের ওপর কোনো হামলাই ন্যায্য নয়।'

তিনি আরও বলেন, 'প্রভাবিত অঞ্চলে পরিচালনার সময় সব শিপিং কোম্পানিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।'

ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়।


ইরানের ৩০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধের সময় তাদের বিমান বাহিনী ইরানে ৩০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারকে আঘাত করেছে এবং নিষ্ক্রিয় করেছে।


পারস্য উপসাগরে ২০ মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর 'গুরুতর ক্ষয়ক্ষতি' হয়েছে।

তবে আইআরজিসি কোনো নির্দিষ্ট অবস্থান বা ক্ষতির মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

মার্কিন বা উপসাগরীয় দেশগুলোর কর্তৃপক্ষও এখনও এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।

এর আগে বৃহস্পতিবার আইআরজিসি ঘোষণা করে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং লেন হরমুজ প্রণালী কেবল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের পশ্চিমা মিত্রদের জাহাজ চলাচলের জন্য বন্ধ থাকবে।

দেশটির রাষ্ট্রীয় টিভি আইআরআইবি-এর এক প্রতিবেদনে জানানো হয়, আইআরজিসি বলেছে 'আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনার ভিত্তিতে যুদ্ধকালীন সময়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের'।


ইরানের স্বাস্থ্য অবকাঠামোর ওপর ১০ বারের বেশি হামলা হয়েছে: ডাব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউিএইচও) জানিয়েছে, তারা মার্কিন-ইসরায়েলি হামলা চলাকালে ইরানের স্বাস্থ্য সংক্রান্ত অবকাঠামোগুলোতে ১০টিরও বেশি হামলার তথ্য নিশ্চিত হয়েছে। এতে চারজন স্বাস্থ্যকর্মী নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইরানে স্বাস্থ্যসেবায় ১৩টি এবং লেবাননে একটি হামলার সত্যতা নিশ্চিত করেছে।

মার্কিন-ইসরায়েলি হামলায় তেহরানে বিস্ফোরণ, ২ মার্চ ২০২৬। ছবি: এপি

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরেক কর্মকর্তা জানান, এসব হামলায় চারটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাসপাতালসহ ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রের 'সামান্য' ক্ষতি হয়েছে।


কাতারে আরও চারটি যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, কাতারে আরও চারটি টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য।

প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন যে যুক্তরাজ্য কাতারে আরও চারটি টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে।

এই অঞ্চলে ব্রিটেনের প্রতিরক্ষামূলক অবস্থান জোরদার করার জন্য বিমানগুলো কাতারে ইতোমধ্যেই মোতায়েন থাকা ব্রিটিশ বাহিনীর সাথে যোগ দেবে।


ইরাকে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলার দাবি ইরানের 

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তর ইরাকের এরবিলে মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

আরও জানানো হয়েছে, হামলায় সেখানে 'উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি' হয়েছে।

ইসরায়েলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর 

এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের মারকাবার কাছে অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে, গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধারা স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে শহরের দিকে অগ্রসরমান ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা করেছে। 

এ হামলাকে বৈরুতের দক্ষিণ উপশহরসহ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে হিজবুল্লাহ।


ড্রোন হামলার জন্য ইরানকে ক্ষমা চাইতে হবে: আজারবাইজানের প্রেসিডেন্ট

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি ড্রোন হামলায় দুইজন আহত হওয়ার ঘটনায় ইরানকে ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে আলিয়েভ জানান, এ ঘটনার পর তিনি একটি বৈঠক আহ্বান করেছেন।

তিনি বলেন, নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দর, এর টার্মিনাল ভবন, একটি স্কুল এবং অন্যান্য এলাকায় 'কাপুরুষোচিত হামলা' করা হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, 'নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের ভূখণ্ডে ইরানি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে এবং এসব হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা।'

তিনি আরও বলেন, 'আজারবাইজান এই নিকৃষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং যারা এটি করেছে তাদের অবিলম্বে জবাবদিহির আওতায় আনতে হবে।'

এই ঘটনার পর বাকুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান। 

তবে তেহরান এ হামলার অভিযোগ অস্বীকার করেছে।


ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১,২৩০

ইরানের তাসনিম সংবাদ নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৩০ জনে পৌঁছেছে।


পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের তেলবাহী ট্যাংকারে হামলার দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, পারস্য উপসাগরে একটি মার্কিন তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএতে প্রকাশিত আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ইরানের নৌবাহিনী 'সফলভাবে একটি মার্কিন তেলবাহী ট্যাংকারে হামলা করেছে'।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


দেশবাসীর প্রতি পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান ইরানের জ্বালানি মন্ত্রীর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো দ্রুত মেরামতের কাজ করছেন কর্মীরা। এই পরিস্থিতিতে দেশটিতে পানি ও বিদ্যুতের ওপর চাপ বাড়তে পারে।

ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি জনগণকে পানি ও বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকতে বলেছেন।

তিনি দেশবাসীর প্রতি অনুরোধ করেছেন যেন তারা অপ্রয়োজনে পানি ও বিদ্যুৎ ব্যবহার না করেন।

ইরানের মেহের সংবাদ সংস্থা জানায়, আলিয়াবাদি বলেন যে সবাই যদি তাদের ব্যবহার নিয়ন্ত্রণে রাখে, তাহলে বড় ধরনের সমস্যা তৈরি না করেই এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে।


লেবাননে ইসরায়েলি হামলায় আরও দুইজন নিহত

পূর্ব লেবাননের জাহলে শহরের কাছে একটি মহাসড়কে চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় আরও দুজন নিহত হয়েছেন। এতে আজকের মোট নিহতের সংখ্যা বেড়ে আটে দাঁড়িয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ এই হামলায় আরও দুজন আহত হয়েছেন।


আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, আহত ২

আজারবাইজানে ইরানের ড্রোন হামলায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, 'একটি ড্রোন নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের একটি বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হেনেছে। অন্যদিকে, দ্বিতীয় একটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে আছড়ে পড়েছে।'

এই ড্রোন হামলায় বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন আহত হয়েছেন।

এই ঘটনার প্রেক্ষিতে আজারবাইজানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, 'তীব্র প্রতিবাদ জানানো হবে এবং একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপিপেশ করা হবে।'


ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দেবে ইতালি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ইরানের বিমান হামলার মুখে থাকা উপসাগরীয় দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে ইতালি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির এর রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো ইতালিও উপসাগরীয় দেশগুলোকে সহায়তা পাঠাতে চায়—বিশেষ করে প্রতিরক্ষা খাতে, আরও নির্দিষ্ট করে বলতে গেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়।"

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ফাইল ছবি: রয়টার্স

তিনি বলেন, "এটি শুধু বন্ধুত্বপূর্ণ দেশ হওয়ায় নয়; সবচেয়ে বড় কারণ হলো ওই অঞ্চলে হাজারো ইতালীয় নাগরিক বসবাস করছেন এবং প্রায় দুই হাজার ইতালীয় সেনা সেখানে মোতায়েন রয়েছে; আমরা তাদের সুরক্ষা দিতে চাই এবং এটি দিতে আমরা বাধ্য।"


কাতার ও বাহরাইনে বিস্ফোরণের শব্দ

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কাতার ও বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


উত্তর উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে হামলার দাবি আইআরজিসি-র

উত্তর উপসাগরে আজ সকালে একটি মার্কিন তেলের ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের নৌবাহিনী এই অভিযান চালিয়েছে বলে জানানো হয়েছে। 

আইআরজিসি আরও বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থক ইউরোপীয় দেশগুলোর কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজকে এই এলাকা দিয়ে 'যাতায়াত করতে দেওয়া হবে না'।

আইআরজিসির জানিয়েছে, এই ধরনের কোনো জাহাজ 'নজরে এলেই তাতে হামলা চালানো হবে'।

প্রতীকী ছবি: সংগৃহীত

ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরান আগে থেকেই আন্তর্জাতিক আইন ও রেজোল্যুশনের ভিত্তিতে বলেছিল, যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ কায়েম করার পূর্ণ অধিকার রয়েছে ইরানের।


মধ্যপ্রাচ্যে 'সামরিক সরঞ্জাম' পাঠাচ্ছে অস্ট্রেলিয়া: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে দেশটির "সামরিক সরঞ্জাম" (মিলিটারি অ্যাসেটস) পাঠানো হচ্ছে। তবে কী ধরনের সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, এ লক্ষ্যে ইতোমধ্যে দুটি সামরিক বিমান মোতায়েন করা হয়েছে।

অ্যান্টনি আলবানিজ। ছবি: রয়টার্স

তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করল ইরান

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ  তুরস্কের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করে একটি বিবৃতি দিয়েছেন। এর আগে তুরস্ক দাবি করেছিল, ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় ঢোকার সময় ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা তা ভূপাতিত করেছে।

ইরানের বার্তা সংস্থা মেহের-এর প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, 'ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রতিবেশী এবং বন্ধুপ্রতীম দেশ তুরস্কের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোঁড়ার খবর আমরা অস্বীকার করছি।'

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার ওপর দিয়ে উড়ে এসে তুরস্কের আকাশসীমার কাছাকাছি পৌঁছেছিল। তবে ক্ষেপণাস্ত্রটি মাঝপথে প্রতিহত করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতীকী ছবি: এপি

এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তার দেশ ন্যাটোর মিত্রদের সঙ্গে পরামর্শ করে 'প্রয়োজনীয় সব সতর্কতা অবলম্বন করছে'। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা 'স্পষ্ট ভাষায় সতর্কবার্তা' দিচ্ছেন বলেও তিনি জানান।


ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে ইরান দেশটির দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ইসরায়েলের জরুরি সেবা সংস্থার বরাতে জানিয়েছে এএফপি।

ছবি: রয়টার্স

দুই ঘণ্টার মধ্যে তিন দফা সতর্কতা জারি করা হয়। এএফপির সাংবাদিকরা জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের বের হওয়ার অনুমতি দিয়েছে সামরিক বাহিনী।


ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা "নিষ্ক্রিয়" করার অভিযান অব্যাহত রয়েছে। 

তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এখন ষষ্ঠ দিনে এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, "আমরা এসব হুমকি খুঁজে বের করে অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করছি।"

সেন্টকম প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একাধিক হামলা চালিয়ে ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করছে।

তেহরানে একটি ব্যালিস্টিক মিসাইল লঞ্চ বাহন। ছবি: এএফপি

ইরানের ড্রোন হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের মিত্রদের সহায়তার প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহায়তা দিতে তার দেশ বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে। এ বিষয়ে ইউক্রেন বর্তমানে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করছে।

জেলেনস্কি বলেন, এ বিষয়ে তিনি গতকাল (৪ মার্চ) সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের সঙ্গে এবং আজ (৫ মার্চ) জর্ডান ও বাহরাইনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে নিজ দেশের মন্ত্রী ও সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি নির্দেশ দিয়েছেন, যেন ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল না করে মিত্রদের সহায়তা করার উপায়গুলো খুঁজে বের করা হয়।

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ টায়ারের আল শাহাবিয়া জেলার একটি বাড়িতে এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সংস্থাটি আরও জানিয়েছে, বৈরুতের ঘোবেয়ারি, হারেত হরিক এবং বির আল-আবেদ এলাকাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

৫ মার্চ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ছবি: এএফপি

আল জাজিরা আরবি জানিয়েছে, গত এক ঘণ্টায় নাবাতিয়ে এলাকাতেও ইসরায়েলি বিমান হামলা হয়েছে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েল বারবার নাবাতিয়ে এলাকায় বোমাবর্ষণ করছে। তাদের দাবি, সেখানে হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি রয়েছে। গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।


ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না; মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তবে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তারা।

অস্ট্রেলিয়ায় সফররত কার্নির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আলবানিজ সাংবাদিকদের বলেন, 'উত্তেজনা কমছে– এটা এখন সারা বিশ্ব দেখতে চায়। আমরা দেখছি, যেসব উপসাগরীয় দেশ এই যুদ্ধে জড়িত ছিল না, তারাও আক্রমণের শিকার হচ্ছে। এমনকি বেসামরিক ও পর্যটন এলাকাগুলোতেও হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে আমরা চাই, আমাদের লক্ষ্যগুলোও যেন অর্জিত হয়।'

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (বামে) এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: রয়টার্স

আলবানিজের সুরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে কার্নি বলেন, 'আমরা স্বীকার করি যে বর্তমানে সংঘাত ছড়িয়ে পড়ছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা বন্ধ করতে হবে। এগুলো যুদ্ধবিরতির জন্য অপরিহার্য শর্ত।'

উভয় নেতাই গত শনিবার থেকে ইরানের ওপর শুরু হওয়া ইসরায়েলি ও মার্কিন বিমান হামলার প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।


ইরাকের কুর্দিস্তানে 'ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী'দের ওপর হামলার দাবি তেহরানের

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, প্রতিবেশী ইরাকের কুর্দি অঞ্চলে 'ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি'কে লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে দেশটির বাহিনী।

এক্সে পোস্ট করা ভিডিওতে অভিযানের সময় রাতের আকাশে বিস্ফোরণের ঝলক দেখা যায়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি।

এর আগে উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলাগুলো ইরানি কুর্দি সশস্ত্র সংগঠন কুর্দিস্তান টয়লার্স অ্যাসোসিয়েশন বা কোমালার সদর দপ্তর লক্ষ্য করে চালানো হয়েছে।

সম্প্রতি ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেছে—ইরানের পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর কীভাবে হামলা চালানো যেতে পারে—এমন খবরের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

রয়টার্স জানিয়েছে, ইরান-ইরাক সীমান্তে অবস্থান করা ইরানি কুর্দি জোটের গোষ্ঠীগুলো সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিল, যাতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা যায়।

তবে এর আগে, ইরানের তাসনিম বার্তা সংস্থা ইরাক থেকে সশস্ত্র কুর্দি যোদ্ধারা ইরানে ঢুকে পড়ার খবরটি অস্বীকার করে।


হরমুজ প্রণালি বন্ধ থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে উঠতে পারে: বিশ্লেষকের সতর্কতা

চলমান যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক হামলার কারণে ইরানকে ঘিরে সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি অর্থনীতিবিদ এড হির্স।

ইউনিভার্সিটি অব হিউস্টনের এই প্রভাষক বলেন, "হরমুজ প্রণালি দিয়ে যাওয়া তেলের অর্ধেক সরবরাহ বন্ধ হয়ে গেলে—ধরা যাক, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আর ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিতে পারছে না—তাহলে কিছু সময়ের জন্য তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৫০ ডলারেও উঠে যেতে পারে।"

হরমুজ। ছবি: এপি

আল জাজিরাকে তিনি বলেন, "এর প্রভাব ইতোমধ্যেই এলএনজি বাজারে দেখা গেছে। প্রথম দিনেই দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।"

তিনি আরও বলেন, ডিজেলের দামও অস্বাভাবিক হারে বেড়েছে। গ্যাসনির্ভর কিছু দেশ এখন পেট্রোলিয়াম কেনা বাড়িয়ে দিয়েছে, যা ভবিষ্যতের সরবরাহ অর্ডারেও প্রভাব ফেলছে।

হির্সের মতে, এর বড় প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঙ্গরাজ্যগুলোতে। "এমন পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য দেশীয় রাজনীতিতে পরিস্থিতি খুবই কঠিন হয়ে উঠতে পারে, বিশেষ করে সামনে থাকা মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে।"


যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব আটকালেন সিনেটের রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকান সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানকে সমর্থন জানিয়ে যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব আটকে দিয়েছেন। 

প্রস্তাবটিতে ইরানের বিরুদ্ধে চলমান বিমান হামলা বন্ধ করা এবং এ ধরনের সামরিক পদক্ষেপ নিতে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল।

ডেমোক্র্যাট এবং কয়েকজন রিপাবলিকান সদস্যের এই উদ্যোগকে বিদেশে সেনা মোতায়েনের ক্ষেত্রে ট্রাম্পের সিদ্ধান্তে লাগাম টানার সাম্প্রতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছিল। 

ছবি: সংগৃহীত

এ প্রস্তাবের সমর্থকেরা বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের—সেই দায়িত্ব পুনরুদ্ধার করতেই এই 'ওয়ার পাওয়ারস রেজল্যুশন' আনা হয়েছিল।

তবে বিরোধীরা এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, ট্রাম্পের পদক্ষেপ আইনসম্মত এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় সীমিত সামরিক হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা প্রধান সেনাপতি হিসেবে তার রয়েছে।

সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান ও আইডাহোর রিপাবলিকান সিনেটর জিম রিশ প্রস্তাবটির বিরোধিতা করে বলেন, "এটি কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়, এমনকি তার কাছাকাছিও নয়। এটি খুব দ্রুত শেষ হয়ে যাবে।"

তবে শুরু থেকেই ধারণা করা হচ্ছিল, প্রস্তাবটি সিনেটে পাস হওয়ার সম্ভাবনা খুব কম।


কুয়েত উপকূলে তেলবাহী ট্যাংকারের কাছে বিস্ফোরণ

কুয়েতের মুবারক আল কাবির বন্দর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি বিস্ফোরণের খবর জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ছবি: সংগৃহীত

সংস্থাটি জানায়, নোঙর করে থাকা একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজের বাম পাশে বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ ও ঝলক দেখতে পান। এর কিছুক্ষণ পর একটি ছোট নৌযানকে এলাকা ছেড়ে যেতে দেখা যায়।

কার্গো ট্যাংক থেকে তেল পানিতে ছড়িয়ে পড়তে দেখা গেছে, যা পরিবেশগত প্রভাব ফেলতে পারে। জাহাজটিতে পানি ঢুকেছে বলেও জানানো হয়েছে। তবে সব ক্রু সদস্য নিরাপদে আছেন বলে জানিয়েছে ইউকেএমটিও।

Related Topics

টপ নিউজ

মধ্যপ্রাচ্য সংঘাত / ইরানে ইসরায়েলের হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • ইরানের জ্বালানি কেন্দ্রে হামলা আরো পেছানোর ঘোষণা ট্রাম্পের; ইসরায়েলে হামলা চলছে; মধ্যপ্রাচ্যে ১০ হাজার মার্কিন সেনা পাঠানোর চিন্তা
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান
  • যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান
  • আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net