রাজধানীর ফকিরাপুলে সৎ ভাইকে হত্যার ঘটনায় আসামি রনি গ্রেপ্তার
রাজধানীর ফকিরাপুল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইকে হত্যার অভিযোগে খোরশেদ আলম রনিকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগরীর শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।
তিনি জানান, গ্রেপ্তারকৃত খোরশেদ আলম রনি ও ভুক্তভোগী বুলবুল আহমেদ রুবেল (৪৯) সম্পর্কে সৎ ভাই। রুবেলের মা রনিকে ছোটবেলা থেকেই লালন-পালন করে বড় করেছেন। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর ফকিরাপুলের কোমর গলির ৫৫ নম্বর বাসার ৫ম তলায় বসবাস করছিলেন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গত বছরের ১৯ অক্টোবর দুপুর ১টার দিকে রুবেলের ছোট বোন কিস্তির টাকা নিয়ে আলোচনা করতে ওই বাসায় আসেন। তখন রনি তার পালক মায়ের ঘরে ঘুমাচ্ছিলেন। ঘুমের ব্যাঘাত ঘটায় তিনি উগ্র আচরণ শুরু করেন। পরবর্তীতে রুবেল তার সৎ ভাইয়ের কাছে এমন আচরণের কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অভিযুক্ত রনি ড্রয়ার থেকে ছুরি বের করে বড় ভাই রুবেলের পাঁজরসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা রুবেলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ছেলে মো. আলিফ আহমেদ অনিক বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় চাচা খোরশেদ আলম রনিকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সনদ বড়ুয়া আরও বলেন, 'মামলা হওয়ার পর থেকে রনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।'
